সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি, আদালত এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় গুলিতে ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব নিহতের ঘটনায় করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সাঈদ খোকনকে আদালতে আনার আগেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ডিবির একটি সাদা গাড়িতে করে সাঈদ খোকনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আনা হয়। এ সময় তাঁর গাড়ির পেছন পেছন বিক্ষোভ মিছিল নিয়ে ছুটতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাঈদ খোকনকে হাজতখানায় নেওয়ার পর তাঁরা হাজতখানার গেটের বাইরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তাঁরা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। আজ সকাল ৭টার দিকে ঢাকার বারিধারার একটি বাসা থেকে তাঁকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। পরে তাঁকে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য। তার আগে তিনি ডিএসসিসির মেয়র ছিলেন।
সাঈদ খোকনকে আব্দুল মোতালিব হত্যা মামলার গ্রেপ্তার দেখিয়ে এই মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে চেয়ে বিকেলে সিএমএম আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে আসামির উপস্থিতিতে এ বিষয়ে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ প্রথম আলোকে বলেছেন, ধানমন্ডি থানার মামলাটিতে সাঈদ খোকনকে ২৯ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। রিমান্ড আবেদন বাতিল এবং আসামির জামিন চেয়ে আবেদন করবেন তাঁরা।
এই মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনের সড়কে ছাত্র-জনতার সঙ্গে অবস্থান করছিল আব্দুল মোতালিব। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোতালিবের বুক ও গলায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় নিহত মোতালিবের বাবা আব্দুল মতিন ২০২৪ সালের ২৬ আগস্ট ধানমন্ডি থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও মহিলা লীগের ২৫০ থেকে ৩০০ জন নেতা-কর্মী এবং অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীদের আসামি করা হয়।
সাঈদ খোকনের রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে সাঈদ খোকনের বিরুদ্ধে আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেওয়া, অর্থ ও অস্ত্রের জোগান দেওয়া এবং ধানমন্ডিসহ আশপাশের এলাকায় হামলায় সক্রিয় ভূমিকা রাখার তথ্য পাওয়া গেছে। তাঁর নির্দেশনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন বলেও আবেদনে দাবি করা হয়।
রিমান্ড আবেদনে পুলিশ আরও বলেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে থেকে সাঈদ খোকন বিভিন্ন স্থানে মিছিল পরিচালনা করেছেন এবং পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।