রেলওয়ে পূর্বাঞ্চল
কর্মীর গাফিলতিতে ৪ বড় দুর্ঘটনা
চার দুর্ঘটনায় মারা যান ৩২ জন। রেলের নিজস্ব তদন্তেই ট্রেনচালক, সহকারী ট্রেনচালক, গার্ড ও গেটম্যানদের গাফিলতির বিষয়টি উঠে আসে।
কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে গত রোববারের ট্রেন দুর্ঘটনায় ট্রেনচালক, সহকারী ট্রেনচালকদের গাফিলতি ছিল। চালক সংকেত অমান্য করে ট্রেন চালিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন যাত্রী আহত হন।
শুধু নাঙ্গলকোটের হাসানপুর নয়, এর আগের তিনটি বড় ট্রেন দুর্ঘটনায় রেলের নিজস্ব তদন্তেই ট্রেনচালক, সহকারী ট্রেনচালক, গার্ড ও গেটম্যানদের গাফিলতির বিষয়টি উঠে আসে। দুর্ঘটনা রোধে বিভিন্ন সময় তদন্ত কমিটি নানা সুপারিশ করলেও তা বাস্তবায়িত হয়েছে সিকি ভাগ।
নাঙ্গলকোটের হাসানপুরের দুর্ঘটনায় কেউ মারা না গেলেও ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ, চট্টগ্রাম নগরের খুলশীর ঝাউতলা ও মিরসরাইয়ের বড়তাকিয়া রেলক্রসিংয়ে দুর্ঘটনায় মারা যান মোট ৩২ জন। গত চার বছরে এসব দুর্ঘটনা ঘটে। মূলত দক্ষ ও অভিজ্ঞ জনবলের অভাব, ট্রেন চালানোর দায়িত্বে থাকা ব্যক্তিদের গাফিলতি ও অবহেলার কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ট্রেন দুর্ঘটনার জন্য রেলের কারও গাফিলতি বা অবহেলা পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হয় না। তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নের চেষ্টা থাকে। কিন্তু সবার অভিজ্ঞতা সমান নয়। তবে গুরুত্বপূর্ণ ট্রেনগুলোতে দক্ষ ও অভিজ্ঞ চালকদের দায়িত্ব দেওয়া হয়। এরপরও যাতে দুর্ঘটনা না ঘটে, সে জন্য ট্রেন পরিচালনায় যুক্ত দায়িত্বশীল ব্যক্তিদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়।
রেলওয়ের পূর্বাঞ্চলের অধীনে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ। এই অঞ্চলে প্রতিদিন বিভিন্ন রুটে আন্তনগর, লোকাল, ডেমুসহ প্রায় ৭৫ জোড়া ট্রেন চলাচল করে। বছরে তিন কোটির বেশি যাত্রী ট্রেনে যাতায়াত করেন।
চার বছরে চার দুর্ঘটনা
২০১৯ সালের ১১ নভেম্বর দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষ হয়েছিল। এতে ১৬ যাত্রী মারা যান।
রেলের তিনটি তদন্ত প্রতিবেদনে এই দুর্ঘটনার জন্য তূর্ণা নিশীথা ট্রেনের চালক, সহকারী চালক ও গার্ডকে দায়ী করা হয়েছিল। কুমিল্লার নাঙ্গলকোটের মতো এখানেও সংকেত অমান্য করার ঘটনা ঘটে।
গত বছরের ২৯ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তকিয়া স্টেশন এলাকায় দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন পর্যটকবাহী একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে মাইক্রোবাসের চালক ছাড়া অন্যরা ছিলেন ছাত্র। এই ঘটনায় রেল দুটি তদন্ত কমিটি গঠন করেছিল।
দুটি কমিটির প্রতিবেদনেই এই দুর্ঘটনার জন্য মাইক্রোবাসচালক ও গেটম্যানকে দায়ী করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, গেটম্যান ঘটনাস্থলে ছিলেন না।
গেটম্যানের দায়িত্ব অবহেলায় চট্টগ্রাম নগরের খুলশীর ঝাউতলা রেলক্রসিংয়ে ২০২১ সালের ৪ ডিসেম্বর আরেকটি দুর্ঘটনা ঘটে। ডেমু ট্রেনের সঙ্গে বাস, অটোরিকশা ও টেম্পোর সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়। এই ঘটনায় রেলওয়ের তদন্ত কমিটি গেটম্যানের দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছিল। সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে গত রোববার কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরে। সংকেত অমান্য করে সোনার বাংলার চালক স্টেশনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়।
চারটি দুর্ঘটনায় দায়িত্বে গাফিলতির দায়ে সংশ্লিষ্ট ট্রেনচালক, সহকারী চালক, গেটম্যান ও গার্ডকে বরখাস্ত করা হয়েছে।
তবে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বারী দাবি করেন, দুর্ঘটনার জন্য অনেক কারণ দায়ী থাকে। শুধু ট্রেনচালকদের কারণে হয়, তা নয়। কুমিল্লার ঘটনায় স্টেশনমাস্টার দায় এড়াতে পারেন না।
সুপারিশ কাগজেই
রেলওয়ের তদন্ত কমিটি দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করাসহ ট্রেনযাত্রা নিরাপদ ও সুরক্ষিত করার বিষয়ে বিভিন্ন সুপারিশ দেয়। যেমন মিরসরাইয়ের ঘটনায় গঠিত রেলের দুটি তদন্ত কমিটি ট্রেন দুর্ঘটনা এড়াতে বেশ কিছু সুপারিশ দিয়েছিল। এর মধ্যে অন্যতম লেভেল ক্রসিং গেট নিরাপদ করতে উন্নত প্রযুক্তি সংযোজন, সিসি ক্যামেরা স্থাপন, স্বয়ংক্রিয় অ্যালার্ম, জনবলের সংকট দূর করা, রেললাইনের আশপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ। কিন্তু সুপারিশ বাস্তবায়ন বলতে মাঝেমধ্যে চলে উচ্ছেদ অভিযান। বাকি সুপারিশে নজর নেই। অথচ মিরসরাইয়ের দুর্ঘটনার আগে খুলশীর ঘটনায় করা তদন্ত কমিটিও প্রায় একই ধরনের সুপারিশ করেছিল।
দক্ষ জনবল ও দায়িত্বশীলতার অভাবে ট্রেন দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিবহনবিশেষজ্ঞ সামছুল হক। তিনি প্রথম আলোকে বলেন, এখন ট্রেনের সংখ্যা বেড়েছে। কিন্তু দক্ষ জনবল তৈরি হয়নি। ট্রেন চালানোর জন্য অভিজ্ঞ চালক (লোকোমাস্টার) যেমন দরকার, তেমনি ট্রেনের শিডিউল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা স্টেশনমাস্টারও দরকার। এই দায়িত্ব পালনে অনেক বেশি দক্ষতা ও ধৈর্যের দরকার হয়। তাঁর মতে, উন্নয়ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে বিদ্যমান ব্যবস্থার সর্বোচ্চ ব্যবহারের বিষয়ে জোর দেওয়া হচ্ছে না।