হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ৮৪৪

হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে। সেখানে দেখা যাচ্ছে এক শিশুকে। ২ আগস্ট ২০২৬ছবি: শুভ্র কান্তি দাশ

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেল ৭৪৮ শিশু।

আর এই সাড়ে চার মাসে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু। এ নিয়ে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৮৪৪ শিশুর মৃত্য হলো।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে চার শিশু মারা গেছে, তাদের মধ্যে তিনজন ঢাকায় ও একজন সিলেটে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২২ শিশু। আর হামে আক্রান্ত হয়েছে ১১৫ শিশু। হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ শিশু।

গত সাড়ে চার মাসে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৩ শিশু। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২৯৫ শিশু। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৭৮ শিশু।

আর এ সময়ে ১ লাখ ৮ হাজার ২৮৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮৬ শিশু।