ফুটপাত যেন আবার দখল না হয়, সে জন্য পুলিশের সহযোগিতা চায় চসিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন

উচ্ছেদ করা জায়গা যাতে আবারও কেউ দখল করতে না পারে, সে জন্য পুলিশের দ্বারস্থ হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়কে গতকাল রোববার চিঠি দিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।

পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম নগরকে নান্দনিক, বাসযোগ্য ও নিরাপদ করতে ফুটপাত-রাস্তা দখলকারী হকার এবং স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। মানুষের চলাচল নিশ্চিত ও যানজট নিরসনে এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত আছে। কিন্তু উচ্ছেদের পর বেশির ভাগ ক্ষেত্রে হকার-দোকানিরা আবার ফুটপাত ও রাস্তা দখল করছেন। এতে চলমান উচ্ছেদ কার্যক্রমের সুফল পাওয়া যাচ্ছে না। তাই পুনর্দখল রোধে নগরের থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হলে উচ্ছেদ কার্যক্রমের সুফল পাওয়া যাবে। নগরবাসীও স্বস্তি পাবেন।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, স্থানীয় থানাগুলোর পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলে উদ্ধার করা জায়গার পুনর্দখল রোধ করা সম্ভব। এ বিষয়ে পুলিশ কমিশনারের সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের আওতায় নগরের রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যক্রম চলছে। এসব স্থাপনা উচ্ছেদে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। গত দুই মাসে অন্তত দুই হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।