তাহসিফ হত্যা
‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ দীপকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ। এ জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আজ বৃহস্পতিবার ঢাকার আদালতে এই রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে ৩ নভেম্বর থেকে তিন দিনের রিমান্ডে পেয়ে দীপকে বিভিন্ন কৌশলে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আরও রিমান্ড দরকার।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম।
এই মামলায় গ্রেপ্তারের পর দীপকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়। দ্বিতীয় দফায় তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এখন তাঁর তৃতীয় দফার রিমান্ড চাইছে পুলিশ। একই মামলায় গ্রেপ্তার এক তরুণী এখন দ্বিতীয় দফার রিমান্ডে আছেন।