হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে শেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ শিশু মারা গেছে। আর এ সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ২৪৩ শিশু।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর এসব ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫১৪ শিশু। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯১ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৭৬ হাজার ৮৭৬।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ২৪৩ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৯ হাজার ৫০৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ২৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৮ হাজার ১৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে মারা গেছে চারজন; আর বাকি একজন সিলেট বিভাগের।