হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট
ফাইল ছবি

সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে পেনশন সুবিধা না পাওয়াসংক্রান্ত বাংলাদেশ সার্ভিস রুলসের অংশবিশেষ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে আজ সোমবার আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

আর হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চলমান থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৮ মার্চ হাইকোর্ট ওই রায় দেন। একই বছরের সেপ্টেম্বরে ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়।

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে গত বছর লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ, যা গত বছরের নভেম্বরে চেম্বার আদালতে ওঠে। হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় গতকাল রোববার শুনানি শেষে আজ আদেশের জন্য দিন রাখা হয়। সে অনুসারে আজ আদেশ দেওয়া হলো।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ শুনানি করেন। অন্যদিকে, রিট আবেদনকারী আইনজীবী মাহবুব মোরশেদ নিজে শুনানি করেন।

রিট আবেদনকারী পক্ষ জানায়, অতিরিক্ত জেলা জজ মাহবুব মোরশেদ ২০১১ সালে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সে বছরের ৩১ জানুয়ারি থেকে তাঁর পদত্যাগপত্র কার্যকর হয়।

পরবর্তী সময়ে এককালীন পেনশন ও আনুতোষিক মঞ্জুরের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করেন মাহবুব মোরশেদ। আবেদন মঞ্জুরের কথা জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২০১৫ সালে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা বরাবর চিঠি পাঠানো হয়।

একই বছরের ২৫ মার্চ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে মাহবুব মোরশেদের পেনশনসংক্রান্ত কেসটি (বিষয়) ফেরত দিয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে আগের চাকরিকাল বাজেয়াপ্ত (যত দিন চাকরিতে ছিলেন) হবে। অর্থাৎ, পেনশনের জন্য তা গণনাযোগ্য হবে না (বিএসআর প্রথম খণ্ডের বিধি-৩০০ সেকশন-৩)। পেনশনারের (মাহবুব মোরশেদ) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়নি। তিনি ২৫ বছর পূর্তি সাপেক্ষে সংশ্লিষ্ট বিধানের আলোকে পেনশনের জন্য কোনো আবেদন করেননি বলে পেনশনপ্রাপ্ত নন (১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯ ধারা)।

এ অবস্থায় বিধি-৩০০ এবং ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জে করে মাহবুব মোরশেদ ২০১৬ সালে রিট করেন। শুনানি নিয়ে ২০১৬ সালের ৮ মে হাইকোর্ট রুল দেন। রুলের শুনানি শেষে হাইকোর্ট গত বছরের ১৮ মার্চ রায় দেন।

হাইকোর্ট ২০১৫ সালের ২৫ মার্চের ওই চিঠি আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে চাকরির মেয়াদ অনুসারে মাহবুব মোরশেদের পেনশনসহ অন্যান্য বকেয়া সুবিধা গণনা ও মঞ্জুর করতে সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সার্ভিস রুলসের বিধি-৩০০ (এ) অনুযায়ী, সরকারি চাকরি থেকে কেউ পদত্যাগ করলে অথবা অসদাচরণ, দেউলিয়া, অদক্ষতা অথবা নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার কারণে চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত হলে তাঁর চাকরি বাজেয়াপ্ত বলে বিবেচিত হয়।

তবে বিধির ৩০০ (বি) বলছে, অন্য কোনো পেনশনযোগ্য চাকরিতে যোগদানের উদ্দেশ্যে কেউ পদত্যাগ করলে তা সরকারি চাকরি থেকে পদত্যাগ হিসেবে গণ্য হবে না।

হাইকোর্ট চাকরি থেকে পদত্যাগের কারণে পেনশন না পাওয়াসংক্রান্ত বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) প্রথম খণ্ডের বিধি-৩০০ (এ) অংশটুকু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করেন।

মাহবুব মোরশেদ বর্তমানে পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী। আদালতের আজকের আদেশের পর তিনি প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ আপিল করার অনুমতি পেয়েছে। এখন আপিলের ওপর শুনানি হবে। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চলমান রয়েছে।