নতুন মামলায় সাবেক মেজর সাদিকুল গ্রেপ্তার

ঢাকার আদালত প্রাঙ্গণে সাবেক মেজর (চাকরিচ্যুত) মো. সাদিকুল হকফাইল ছবি

সাবেক মেজর (চাকরিচ্যুত) মো. সাদিকুল হককে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজধানীর খিলক্ষেত থানার সন্ত্রাসবিরোধী আইনের এ মামলায় আজ মঙ্গলবার সাদিকুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলায় সাদিকুলকে গ্রেপ্তার দেখাতে ১৬ আগস্ট আবেদন করে খিলক্ষেত থানা–পুলিশ। সেদিন আদালত আসামির উপস্থিতিতে আবেদন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আজ শুনানি শেষে আদেশ দেন আদালত।

আবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের একত্র করার কাজ করছিলেন সাদিকুল। তাঁর পরিকল্পনা–নির্দেশনায় ২০২৫ সালের ১৭ মে খিলক্ষেত থানা এলাকায় অন্য আসামিরা একত্র হন। তাঁরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করেন। সেনাবাহিনী থেকে বরখাস্ত কয়েকজনকে এ সময় আটক করে পুলিশ। তাঁরা সেনাবাহিনীর ভাবমূর্তি-সুনাম ক্ষুণ্ন করাসহ ঢাকা সেনানিবাসের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন।

এ ঘটনায় পরদিন খিলক্ষেত থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।

সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সাদিকুলকে ২০২৪ সালের ২৯ অক্টোবর তিন মাসের কারাদণ্ড দেন সামরিক আদালত। তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে তাঁকে রাজধানীর ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।