কী দেবেন, কী নেবেন, সেই সমঝোতা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়কে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সমাবেশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বাধীন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ঐক্য মোর্চা। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৭ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বাধীন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ঐক্য মোর্চা প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী যে রোডমার্চ ডেকেছিল, তাতে বাধা দিয়েছে পুলিশ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দির–সংলগ্ন অংশে আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সমাবেশ শেষে রোডমার্চটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা দেয়। এটি শাহবাগ মোড়ে এলে পুলিশ বাধা দেয়। এরপর ঐক্য মোর্চার ৯ সদস্যদের একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে যায়। তারা জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়কে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে ঐক্য মোর্চা। মূলত এটির নেতৃত্বে রয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের গিনিপিগ হিসেবে ব্যবহার করবেন, এই ব্যবহার আমরা আর আপনাদের করতে দেব না। আমরা বলতে চাই, আপনারা আমাদের কী দেবেন, আমাদের থেকে কী নেবেন, এই সমঝোতা আজকে প্রয়োজন গণতন্ত্রের স্বার্থে।’
রানা দাশগুপ্ত আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের আর মাত্র এক বছর বাকি। অথচ সরকারি দলের নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর স্বার্থবান্ধব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আজও কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি, যা খুবই হতাশাব্যঞ্জক।

দেশের বিদ্যমান রাজনীতির ওপর আস্থা রাখতে না পারার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে রানা দাশগুপ্ত বলেন, ‘আপনিই আমাদের শেষ ভরসাস্থল। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের দিকে ফিরে তাকাতে কুণ্ঠা বোধ করেন, আমরা আপনাদের দিকে কতটুকু ফিরে তাকাব, সে ব্যাপারেও চিন্তাভাবনা করতে হবে।’

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ঐক্য মোর্চা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে তাদের পথ আটকায় পুলিশ। শাহবাগ মোড়, ঢাকা, ৭ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন

সংখ্যালঘু জনগোষ্ঠীর ঐক্য মোর্চায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, বাংলাদেশ আদিবাসী ফোরাম, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘসহ (ইসকন) ৩২টি সংগঠন রয়েছে। ঐক্য মোর্চা তাদের দাবি আদায়ের লক্ষ্যে ৬ ও ৭ জানুয়ারি সারা দেশ থেকে ঢাকা অভিমুখী রোডমার্চের কর্মসূচি ঘোষণা করেছিল। সে অনুযায়ী তারা গত শুক্রবার সারা দেশ থেকে ঢাকার উদ্দেশে রোডমার্চ শুরু করে। আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তারা জড়ো হয়। উদ্যানে সকাল থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত সমাবেশ হয়।

সমাবেশে ঐক্য মোর্চার পক্ষ থেকে একটি ঘোষণাপত্র পাঠ করেন রানা দাশগুপ্ত। এতে বলা হয়, ’৭২-এর অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সংবিধান সাম্প্রদায়িক সংবিধানে রূপান্তরিত হয়েছে। ১৯৮৮ সালে সংবিধানে সন্নিবেশিত রাষ্ট্রধর্ম ঐক্যবদ্ধ জাতিসত্তায় ধর্মের ভিত্তিতে শুধু বিভাজনই তৈরি করেনি, এ দেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের রাষ্ট্রীয় সংখ্যালঘুতে পরিণত করেছে।

রানা দাশগুপ্ত বলেন, ‘রাষ্ট্রীয় সংখ্যালঘুতে পরিণত হওয়ার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি।’ তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে বছরের পর বছর ধরে একটানা বঞ্চনা, বৈষম্য, নিগ্রহ, নিপীড়নের শিকার হয়ে এরই মধ্যে সংখ্যালঘুদের অনেকে দেশত্যাগে বাধ্য হয়েছে। অস্বীকারের উপায় নেই যে রাষ্ট্র ও রাজনীতি এবং সংবিধান মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে অনেক দূরে ছিটকে পড়েছে।

ঐক্য মোর্চা যে দাবিগুলো তুলে ধরেছে, তা হলো জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন তৈরি, পার্বত্য শান্তিচুক্তি, পার্বত্য ভূমি কমিশন ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন এবং সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। মোর্চার পক্ষ থেকে বলা হয়, ২০১৫ সালে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ থেকে এই দাবিগুলো তোলা হয়েছিল। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে দাবিগুলো পূরণের প্রতিশ্রুতি দেয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেন, সারা দেশ থেকে এই কনকনে শীতে আনন্দ করতে হাজারো মানুষ ঢাকায় উপস্থিত হননি। তাঁরা তাঁদের যন্ত্রণার কথা বলার জন্য এসেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়িত হয়নি।

সমাবেশে ঐক্য মোর্চাভুক্ত বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি নিয়ে যান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তিন সভাপতি ঊষাতন তালুকদার, নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও; সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত; সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, অধ্যাপক জিনোবোধি ভিক্ষু ও মিলন কান্তি দত্ত এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ ও জয়ন্ত কুমার দেব।
ঐক্য মোর্চা তাদের দাবি আদায়ের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি সারা দেশের বিভাগীয় সদর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মশালমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।