ভারত মহাসাগরীয় সম্মেলন ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাঁর দপ্তরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ঢাকা, ১০ মে
ছবি: প্রথম আলো

ঢাকায় ১২ ও ১৩ মে ভারত মহাসাগরীয় সম্মেলন (ইন্ডিয়ান ওশান কনফারেন্স-আইওসি) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করবেন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘স্থিতিশীল ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারত্ব’।
আজ বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণাপ্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন ১২ ও ১৩ মে ঢাকার হোটেল ইন্টারকনটিনেন্টালে এই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন আয়োজনের ব্যাপারে সদয় নীতিগত অনুমোদন দিয়েছেন। তিনি সম্মেলনের শুভ উদ্বোধন করবেন এবং সম্মেলনে আগত অতিথিদের সম্মানে তাঁর পক্ষ থেকে একটি নৈশভোজের আয়োজন করা হবে।

সম্মেলনে মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং প্রায় ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের প্রতিনিধিসহ আরও দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে ভারত, নেপাল, ভুটান ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, কোভিড-পরবর্তী বৈশ্বিক অবস্থা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-পরবর্তী সময়ে সম্মেলেনর প্রতিপাদ্যটি (স্থিতিশীল ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারত্ব) খুবই যুক্তিযুক্ত ও প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘আমরা আশা করছি যে এই সম্মেলনের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলের সমস্যা ও চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় অনেক সুপারিশ ও মতামত উঠে আসবে, যা এই অঞ্চলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এর আগে পাঁচটি সম্মেলন যথাক্রমে ২০১৬ সালে সিঙ্গাপুরে, ২০১৭ সালে শ্রীলঙ্কায়, ২০১৮ সালে ভিয়েতনামে, ২০১৯ সালে মালদ্বীপে এবং ২০১১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে। এবার ষষ্ঠ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস।