নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদির আসা নিয়ে অনিশ্চয়তা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পেয়েছেন। তবে আগে নির্ধারিত সূচি অনুযায়ী, একই দিন ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেওয়ার কথা নরেন্দ্র মোদির। এ কারণে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে না–ও আসতে পারেন। আর তেমনটা হলে তাঁর পরিবর্তে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন।
কূটনৈতিক সূত্রগুলো আজ রোববার দুপুরে প্রথম আলোকে এমনটাই জানিয়েছে।
দিল্লি থেকে জানা গেছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র পেয়েছেন।
রোববার ভারতে সাপ্তাহিক ছুটির কারণে আগামীকাল সোমবারের মধ্যেই শপথ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব কে করবেন, সেটি আনুষ্ঠানিকভাবে জানা যাবে বলে আশা করছেন বাংলাদেশের কর্মকর্তারা।
১৬ থেকে ২০ ফেব্রুয়ারি দিল্লি ও মুম্বাইয়ে ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিটের আয়োজন করছে ভারত। ওই শীর্ষ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ, সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানসহ ২০টি দেশের শীর্ষ নেতারা অংশ নেবেন। ওই শীর্ষ সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ আনুষ্ঠানিকভাবে শীর্ষ বৈঠকে অংশ নেবেন।
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকার আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় আরও রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
১৭ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।