নাশকতার আট মামলায় নিপুণ রায়ের আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট ভবন
ফাইল ছবি

বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা আট মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়।

আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দেওয়া হয়েছে নিপুণ রায়কে। এ সময়ের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আগাম জামিন চেয়ে নিপুণ রায়ের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পৃথক আট মামলায় আজ হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন চান নিপুণ রায়। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির।

পরে আইনজীবী নিতাই রায় চৌধুরী প্রথম আলোকে বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা–কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় করা এক মামলায় নিপুণ আগাম জামিন পেয়েছেন।