রবীন্দ্রসরোবরে নাচ–গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব

বাদ্যযন্ত্রের তালে ও গানের ছন্দে দলবদ্ধ নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। রাজধানীর রবীন্দ্রসরোবর। ১৬ নভেম্বরছবি: মীর হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে হেমন্ত। নতুন ধান ঘরে তোলার উৎসব নবান্ন ঘিরে সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ছিল উৎসবের আমেজ। গান, নাচ, আবৃত্তি আর পিঠাপুলির আয়োজনে উদ্‌যাপিত হয় ‘২৮তম জাতীয় নবান্ন উৎসব’।

পয়লা অগ্রহায়ণ সকাল সাড়ে সাতটায় শিল্পী হাসান আলীর বাঁশির সুরের মূর্ছনার মধ্য দিয়ে এবারের উৎসবের পর্দা ওঠে। জাতীয় নবান্ন উৎসব উদ্‌যাপন পর্ষদের আয়োজনে উৎসবের সকালের পর্ব চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত; আর বিকেলের পর্ব ছিল বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।

উদ্বোধনী বাঁশির সুরের পর সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করে শিশু সংগঠন ‘মেঠোকুঁড়ি স্কুল’। পরে একে একে দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুরবিহার, ফোক বাংলা ইনস্টিটিউট ও নির্ঝরিণী একাডেমি।

সকালের অধিবেশনে একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, ইয়াসমিন মুস্তারী, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায় ও নবনীতা জাইদ চৌধুরী।

নৃত্যের ছন্দে দর্শকদের মাতিয়ে তোলেন দলীয় নৃত্যশিল্পীরা। দীপা খন্দকারের পরিচালনায় ‘দিব্য’, তামান্না রহমানের পরিচালনায় ‘নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র’, এম আর ওয়াসেকের ‘নন্দন কলা কেন্দ্র’, অনিক বোসের ‘স্পন্দন’, শুভাশীষ চাকমার পরিচালনায় সংগঠন ‘নৃত্যকানন’ এবং সামিনা হোসেন প্রেমার পরিচালনায় ‘ভাবনা’ দলীয় নৃত্য পরিবেশন করে। এ ছাড়া একক আবৃত্তি পরিবেশন করেন রফিকুল ইসলাম ও নায়লা তারান্নুম কাকলি।

সকাল থেকেই উৎসবস্থলে নগরবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে। উৎসবে আসা দর্শনার্থীদের জন্য রাখা হয় গ্রামবাংলার চিরায়ত বিভিন্ন ধরনের পিঠা, খই, মুড়কি, মোয়া, মুরলি ও বাতাসা।

সকালের পর্বে সঙ্গীতা ইমামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা। সুজা বলেন, ‘অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ রবীন্দ্রসরোবর মঞ্চে ২৮তম নবান্ন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল এই অসাম্প্রদায়িক উৎসবটি সবার মধে৵ ছড়িয়ে দেওয়া। আজ বাংলাদেশের প্রতিটি জেলার পাশাপাশি বিশ্বের যেসব দেশে বাঙালিরা আছেন, সেখানেও নবান্ন উৎসব উদ্‌যাপিত হচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের।’

আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, ‘ছোটবেলায় নতুন আমন ধানের আতপ চালের জাউ আর গুড়ের যে সুবাস পেতাম, এখন আমাদের নাতি-নাতনিদের তা দেওয়ার সুযোগ হচ্ছে না। তবে জাতীয় নবান্ন উৎসব উদ্‌যাপন পরিষদ এই ঐতিহ্যকে জাতির সামনে ধরে রেখেছে, এ জন্য তাদের কৃতজ্ঞতা জানাই। নবান্ন, পয়লা বৈশাখ কিংবা ঋতু উৎসব—এসব লোকজ সংস্কৃতিই বাঙালি জাতির শিকড়। লোকজ সংস্কৃতিতে ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকে না, সবাই মিলেমিশে আনন্দ করে।

মঞ্চে দলীয় সংগীত পরিবেশন করেন শিল্পীরা। রাজধানীর রবীন্দ্রসরোবর। ১৬ নভেম্বর
ছবি: মীর হোসেন

সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে দূরে থাকতে এবং দেশ ও সমাজ গড়তে আমাদের এই লোকজ ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।’

বিকেলের পর্বে একক ও দলীয় সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা ছিল। এতে মৈত্রী শিশু দল, নন্দন কুঁড়ি, সীমান্ত খেলাঘরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং এস এম মেসবাহ, অবিনাশ বাউল, তামান্না নিগার তুলিসহ এক দল শিল্পী অংশ নেন।