শিল্পী শাহাবুদ্দিনের শিল্পকর্মে বীর বাঙালির চিরগৌরবের আখ্যান

শিল্পী শাহাবুদ্দিন আহমেদের জলরং, তেলরং, অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম, ছাপচিত্রসহ বিভিন্ন মাধ্যমের ১৪৪টি চিত্রকর্ম নিয়ে মাসব্যাপী প্রদর্শনী চলছে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী শাহাবুদ্দিন আহমেদের শিল্পকর্ম নিয়ে জাতীয় জাদুঘরে মাসব্যাপী প্রদর্শনী চলছে। চিত্রকর্ম দেখছেন দর্শনার্থীরা। ঢাকা, ৭ অক্টোবর
ছবি: প্রথম আলো

মহান মুক্তিযুদ্ধের রুদ্ধশ্বাসের দিনগুলো, অবিস্মরণীয় বিজয়, লাল–সবুজ পতাকা নিয়ে ছুটে চলা বীর বাঙালির চিরগৌরবের অর্জনকে শিল্পের সৌন্দর্যে ফুটিয়ে তুলেছেন আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। তাঁর আনুপূর্বিক কাজ নিয়ে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে চলছে মাসব্যাপী প্রদর্শনী। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় জাদুঘর এই প্রদর্শনীর আয়োজন করেছে।
‘শাহাবুদ্দিন: এ রেট্রোস্পেকটিভ (১৯৭৩-২০২৩)’ শীর্ষক এই প্রদর্শনী শুরু হয়েছে গত ১৫ সেপ্টেম্বর, চলবে চলতি মাসের ১৪ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন প্রদর্শনী খোলা থাকছে।

শিরোনাম থেকেই বোঝা যাচ্ছে শিল্পী শাহাবুদ্দিনের অর্ধশত বছরের কাজ নিয়ে এই প্রদর্শনীর আয়োজন। জলরং, তেলরং, অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম, ছাপচিত্রসহ বিভিন্ন মাধ্যমের ১৪৪টি চিত্রকর্ম রয়েছে প্রদর্শনীতে। সাধারণত কোনো শিল্পীর একক বা কোনো যৌথ প্রদর্শনীতে তাঁদের সমকালীন কাজগুলোই উপস্থাপিত হয়। কিন্তু রেট্রোস্পেকটিভে দর্শকেরা শিল্পীর আনুপূর্বিক কাজ দেখার বিশেষ সুযোগ পেয়ে থাকেন। ফলে তাঁরা শিল্পীর কাজের ক্রম পরিণতি, নিরীক্ষা, চিত্রভাষা ও ভাবনাগত উৎকর্ষ এবং অনুসন্ধানের বিষয়ে ধারণা পেয়ে থাকেন। শিল্পী শাহাবুদ্দিনের এই প্রদর্শনীতে শিল্পানুরাগী দর্শকেরা সেই সুযোগ পেলেন। বাড়তি পাওনা প্রদর্শন কক্ষের সামনের দেয়ালে আলোকচিত্র ও  প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। এতে রয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন দেশে শাহাবুদ্দিনের প্রদর্শনী, তাঁর নিজের সাক্ষাৎকার, বিভিন্ন গুণীজন, পরিবার, সুহৃদদের সঙ্গে অন্তরঙ্গ সময়ের প্রায় অর্ধশত আলোকচিত্র। একটি বড় ডিজিটাল পর্দায় চলছে প্রামাণ্য চিত্রপ্রদর্শনী।

শিল্পী শাহাবুদ্দিনের কাজের অনুরাগীরা জানেন মুক্তিযুদ্ধ তাঁর শিল্পকর্মের অন্যতম প্রধান বিষয়। প্রচণ্ড গতিময়তা আর শক্তির মেলবন্ধনে নান্দনিক ব্যঞ্জনা সৃষ্টি হয় তাঁর কাজে। সেই গতিশক্তির প্রকাশ দেখতে পাবেন এই প্রদর্শনীর চিত্রকর্মগুলোতে। মুক্তিযোদ্ধা ও যুদ্ধ এসেছে ভিন্ন ভিন্ন অবয়ব, আঙ্গিকে। এ ছাড়া আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধীসহ কিছু মনীষীর প্রতিকৃতি। ধাবমান ষাঁড়, প্রথম দিকের জলরঙের কাজে আছে মোরগ, কিছু নিসর্গ দৃশ্য।

শিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্ম ১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর ঢাকায়। তিনি ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি নেন। ফ্রান্স সরকারের বৃত্তি নিয়ে বিখ্যাত ইকোল দে বোজার্ট চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ১৯৭৪ থেকে ১৯৮১ পর্যন্ত অধ্যয়ন করেছেন। তারপর থেকে ফ্রান্সেই বসবাস করে স্বাধীনভাবে চারুকলার চর্চা করছেন। মহান মুক্তিযুদ্ধে শাহাবুদ্দিন আহমেদ সরাসরি সম্মুখসমরে অংশ নেন। তিনি ছিলেন গেরিলা দলের প্লাটুন কমান্ডার। দেশের বাইরে ভারত, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, পোল্যান্ড, জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সেনেগালসহ বিভিন্ন দেশে তাঁর অর্ধশতাধিক একক শিল্পকর্ম প্রদর্শনী হয়েছে। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের যৌথ প্রদর্শনীতে তাঁর কাজ প্রদর্শিত হয়েছে। সব মিলিয়ে প্রদর্শনী শতাধিক।

চারুকলায় অবদানের জন্য শাহাবুদ্দিন আহমেদ দেশ-বিদেশে বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি বাংলাদেশ সরকারের স্বাধীনতা পুরস্কার, ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সামরিক ‘নাইট’ উপাধি লাভ করেছেন। ১৯৯২ সালে স্পেনের বার্সেলোনা অলিম্পিকের সময় সমকালীন বিশ্বের ৫০ জন মাস্টার আর্টিস্টের কাজ নিয়ে প্রকাশিত গ্রন্থে তিনি অন্তর্ভুক্ত ছিলেন। শাহাবুদ্দিন আহমেদ ভূষিত হয়েছেন ‘অলিম্পিয়াড অব আর্ট’ পদকে।