ডেঙ্গুতে আক্রান্ত ছোট্ট শিশুরা শয্যা পাচ্ছে না, চিকিৎসা মেঝেতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৭ নম্বর শিশু ওয়ার্ডের মেঝেতে ঘুমাচ্ছে ডেঙ্গু আক্রান্ত ১০ বছর বয়সী মিরাজ। হাত–পা–বুকে ব্যথা, খাওয়া–দাওয়া ও মলত্যাগ বন্ধ হওয়াসহ নানা জটিলতা নিয়ে সে হাসপাতালে এসেছে। ঢাকা, ১১ আগস্ট
ছবি: শুভ্র কান্তি দাশ

দুই বছর বয়সী শিশু ইসরাফিল ডেঙ্গুতে আক্রান্ত। পেটে ব্যথা, খেতে না পারা, রক্তচাপ কমে যাওয়াসহ নানা জটিলতায় শরীয়তপুরের একটি হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেলে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে গিয়ে দেখা গেল, ইসরাফিল শুয়ে আছে। পাশে তাঁর মা জায়েদা বেগম। তাঁর কোলে আরেক শিশুসন্তান।

ইসরাফিল হাসপাতালে কোনো শয্যা পায়নি। ঢাকা মেডিকেল কলেজের ২০৭ নম্বর ওয়ার্ডে অনেক শিশুর মতো তার স্থান হয়েছে মেঝেতে। ইসরাফিল তবু ওয়ার্ডের ভেতরে মেঝেতে জায়গা পেয়েছে, অনেকের জায়গা হয়েছে ওয়ার্ডের বাইরে হাসপাতালের করিডরে। সেখানে ফ্যানও নেই, ভ্যাপসা গরম।

জায়েদা বেগম প্রথম আলোকে বলেন, ‘জায়গা না পেয়ে মেঝেতেই ছেলের চিকিৎসা করাচ্ছি।’

সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় ঢাকা মেডিকেলে বিভিন্ন জেলা থেকে রোগী আসছেন। জেলা-উপজেলা হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় থাকা রোগীদের চিকিৎসকেরা ঢাকা মেডিকেলে যেতে বলছেন। মানুষেরও ভরসার জায়গা এই হাসপাতাল। কিন্তু হাসপাতালটিতে রোগীর চাপ এত বেশি যে শয্যা দেওয়া যাচ্ছে না।

ঢাকা মেডিকেলে শিশুদের চিকিৎসার জন্য ৩টি ওয়ার্ডে শয্যা রয়েছে ৫২টি। ভর্তি আছে ৩ গুণের বেশি, ১৭৯টি শিশু। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর সংখ্যা ৫৩।

ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে শয্যা বাড়ানো হবে কি না, জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের আপাতত শয্যা বাড়ানোর পরিকল্পনা নেই। আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া আছে, সেভাবে চিকিৎসা দিচ্ছি। তবে সরকারের নির্দেশনা এলে আমরা সেটি দেখব।’

মাছি তাড়াচ্ছিলেন মিনু

ঢাকা মেডিকেলে যেসব শিশু ভর্তি আছে, তাদের বেশির ভাগের পরিবার নিম্মবিত্ত ও দরিদ্র। মা–বাবার কাছে তাঁদের সন্তান যেন ‘কলিজার টুকরা’। যত কষ্টই হোক, তাঁরা দূরদূরান্ত থেকে সন্তান নিয়ে ঢাকা মেডিকেলে এসেছেন।

ঢাকা মেডিকেলে শিশুদের তিনটি ওয়ার্ডের একটির নম্বর ২০৭। সেখানে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের ভেতর দুই সারিতে শয্যা পাতা। একটিও খালি নেই। শয্যাগুলো ঘেঁষে মেঝেতে পাটি বিছিয়ে দুই পাশে করা হয়েছে আরও দুটি সারি। তাতে শুয়ে আছে শিশু রোগীরা।

মেঝেতে রোগীর ভিড়ে হাঁটাই দায়। চিকিৎসক ও সেবিকাদের চলাচল করতেও বেগ পেতে হচ্ছিল।

২০৭ নম্বর ওয়ার্ডে মেঝেতে একটি পাটিতে ঘুমিয়ে ছিল ১০ বছর বয়সের শিশু মিরাজ। পাশে বসা তার মা মোছা. মিনু বেগম। ছেলের শরীরে মাছি বসলে তিনি তা তাড়িয়ে দিচ্ছিলেন। বিছানা বা মেঝে—কোথাও কোনো রোগীর জন্য মশারি দেখা গেল না।
ঢাকার কামরাঙ্গীরচরের বাসিন্দা মিনু বেগম প্রথম আলোকে বলেন, ছেলের হাত-পায়ে ব্যথা, বুকেও ব্যথা। চোখ লাল হয়ে আছে। খাওয়াদাওয়া করে না দুই দিন ধরে। মলত্যাগ বন্ধ। এ অবস্থায় এক দিন আগে ছেলেকে নিয়ে ঢাকা মেডিকেলে আসেন তিনি। কোনো শয্যা না পেয়ে মেঝেতে আশ্রয় নিয়েছেন।

মিনুর ১৭ বছর বয়সী বড় মেয়েরও জ্বর। তিনি জানান, সে বাসায় আছে। তারও বমি ও পাতলা পায়খানা হচ্ছে। ডেঙ্গু পরীক্ষা করাতে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ছেলে হাসপাতালে, মেয়ে বাসায় অসুস্থ। কী করব বুঝতে পারছি না।’

ঢাকা মেডিকেলের বাকি দুটি শিশু ওয়ার্ড (২০৮ ও ২১০) ঘুরেও একই চিত্র দেখা যায়। কান্না, চেঁচামেচি, ভ্যাপসা গরম, মানুষের ভিড়—এর মধ্যে চিকিৎসা চলছে। এমন পরিবেশের কারণে কোনো কোনো শিশু রোগীকে নিয়ে স্বজনেরা ওয়ার্ডের বাইরে বসে ছিলেন।

ওয়ার্ডের ভেতরে থাকার জায়গা পেলেও ৯ বছর বয়সী ফাহাদকে নিয়ে তাঁর মা আকলিমা বেগম বসে ছিলেন করিডরে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি। কিন্তু ওয়ার্ডের ভেতর চাপাচাপি, হাঙ্গামা। সেখানে ছেলে থাকতে চায় না। তাই যখন ডাক্তার থাকে না, তখন ছেলেকে নিয়ে বাইরে থাকি।’

করিডর-ব্যালকনিতে ডেঙ্গু রোগী

ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৬, ৭ ও ৮ তলায় মেডিসিন বিভাগে অন্যান্য রোগীর সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দেখা যায়, কোনো ওয়ার্ডের ভেতরে (শয্যা ও মেঝে) জায়গা নেই। করিডর ও ব্যালকনিও রোগীতে পূর্ণ।

ডেঙ্গুতে আক্রান্ত স্ত্রীকে নিয়ে গত মঙ্গলবার থেকে সাততলার করিডরে আছেন মো. শামীম ইকবাল। তিনি প্রথম আলোকে বলেন, ‘এত রোগী, জায়গা হচ্ছে না।’
শামীম ইকবালের ডেঙ্গুতে আক্রান্ত স্ত্রীর পাশেই মেঝেতে স্থান হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণের রোগী মাসুদা বেগমের। তাঁর ছেলে মো. রাসেল প্রথম আলোকে বলেন, ‘এরকম গুরুতর রোগীর জন্যও শয্যা পাচ্ছি না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৭ নম্বর ওয়ার্ডে অনেক শিশুর মতো তার স্থান হয়েছে মেঝেতে। ঢাকা, ১১ আগস্ট
ছবি: শুভ্র কান্তি দাশ

স্বাস্থ্যে এখন ‘জরুরি অবস্থা’

ঢাকায় ১৮টি সরকারি হাসপাতাল ও ২টি সরকারি সহায়তায় পরিচালিত হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হয়। কোনো কোনো হাসপাতালে শয্যা খালি আছে। যেমন আজ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় শয্যা খালি আছে।

অবশ্য ডেঙ্গুতে আক্রান্ত শিশুর অবস্থা জটিল হয়ে গেলে চিকিৎসার ক্ষেত্রে ঢাকা মেডিকেল ও ঢাকা শিশু হাসপাতালের সক্ষমতা বেশি। সেখানে রোগীরা শয্যা পাচ্ছেন না।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, তারা স্বীকার করুক আর না করুক, এখন জনস্বাস্থ্যের জরুরি অবস্থা চলছে। রোগীকে যখন শয্যা দেওয়া যায় না, তখন তাকে জরুরি অবস্থা বলা যায়।

মুশতাক হোসেন মনে করেন, এখন শুধু শয্যা বাড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করা যাবে না। তিন স্তরের চিকিৎসাসেবা দিতে হবে। প্রথম স্তরে রোগীকে চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়িতে রেখে চিকিৎসা দিতে হবে। দ্বিতীয় স্তরে যেসব রোগীর অবস্থা গুরুতর নয়, তাদের প্রাথমিক পর্যায়ের হাসপাতালে চিকিৎসা দিতে হবে। তৃতীয় স্তরে গুরুতর রোগীদের মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দিতে হবে।

মুশতাক হোসেন বলেন, শয্যা বাড়াতে গেলে দেখা যাবে চিকিৎসক, নার্স ও কারিগরি জনবলের সংকট। যন্ত্রপাতিও নেই।

আরও পড়ুন