আওয়ামী লীগ নেতা সুভাষ সিংহ ও তাঁর স্ত্রীর ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র সিংহ রায়, তাঁর স্ত্রী সাবেক এমপি মমতা হেনা লাভলী ও তাঁদের নামীয় প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক বিলকিস আক্তার এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, সুভাষ সিংহ রায় বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তা নিজের নামে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে জমা ও বিদেশে টাকা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি এসব ব্যাংক হিসাবে রক্ষিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে ব্যাংক হিসাবসমূহে রক্ষিত অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ জন্য ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন।
পরে আদালত শুনানি নিয়ে তা মঞ্জুর করেন।