অধস্তন আদালতের নিরাপত্তা নিয়ে নির্দেশনা দিলেন উদ্বিগ্ন প্রধান বিচারপতি
অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গভীরভাবে উদ্বিগ্ন। অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ১১ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট এর আগে একাধিকবার দেশের প্রতিটি আদালতের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। অধস্তন দেওয়ানি আদালতে মামলাগুলোর নথিতে বিচারপ্রার্থীদের মূল দলিল বা ডকুমেন্টসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে। আদালতের হেফাজতে থাকা এসব দলিলাদি ও গুরুত্বপূর্ণ কাগজ চুরি বা নষ্ট হলে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান বিচারপতি সংশ্লিষ্ট সবাইকে কয়েক দফা নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনায় যা রয়েছে
প্রথম নির্দেশনায় রয়েছে আদালত ও বিচারকদের বাসভবনের সীমানাপ্রাচীর সুসংহত করা। নির্দেশনায় আদালত ও ট্রাইব্যুনালের এজলাস, বিভাগ, প্রতিটি ফটক ও আদালতের বাইরে সিসিটিভি স্থাপন করা; আদালত ভবনের বাইরে ও ভেতরে নিরাপত্তা প্রহরী দিয়ে সার্বক্ষণিক পাহারা দেওয়া; আদালত ভবনের দরজা ও জানালাগুলো গণপূর্ত বিভাগ কর্তৃক পরীক্ষা করে গ্রিল আরও মজবুত করা এবং ভঙ্গুর দরজা ও জানালাগুলো নতুন করে স্থাপন করার কথা বলা হয়েছে।
আদালত চত্বরে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করার কথা বলা হয়েছে অপর নির্দেশনায়। নির্দেশনায় মামলাসংশ্লিষ্ট নথিপত্রের নিরাপদ সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা; আদালতে ব্যবহারের জন্য মানসম্মত ফার্নিচার বা লকার নিশ্চিত করা; আদালত সীমানার চারদিকে সিকিউরিটি পোস্ট স্থাপন করা; জরুরি ভিত্তিতে সারা দেশের আদালত এলাকায় রাতে সার্বক্ষণিক পুলিশের টহল জোরদার করার কথা বলা হয়েছে।
এ ছাড়া অবকাশকালে আদালত ভবনের বিশেষ নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা এবং প্রতিটি আদালত ও ট্রাইব্যুনালের কর্মকালে পর্যাপ্ত পুলিশ প্রহরার ব্যবস্থা করার কথাও রয়েছে নির্দেশনায়।
বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, নির্দেশনাগুলো আবশ্যিকভাবে পালন করে দেশের প্রতিটি আদালত ও ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।