গণমাধ্যম ও শিল্পে এখনো নারীর সমান অবস্থান নেই। নারীর সমতা আনার জন্য আরও বেশি সংলাপ আয়োজন করা প্রয়োজন। গণমাধ্যমে জেন্ডার বিষয়ে প্রচলিত ভূমিকার পরিবর্তন আনার এখনই সময়। রোববার ‘সংলাপ ও উন্নয়নের জন্য বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস’ (ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট) উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।
সুইডেন সরকারের সহায়তায় রাজধানীর একটি হোটেলে সভাটি যৌথভাবে আয়োজন করে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) ঢাকা কার্যালয়, ইউএন ওমেন ও আর্টিকেল নাইনটিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাংস্কৃতিক সম্ভাবনা, আন্তসাংস্কৃতিক আলোচনার মাধ্যমে বিশ্বজুড়ে মুক্তচিন্তার বিকাশ, সৃজনশীল পেশায় যুক্ত শিল্পীদের সামাজিক ও অর্থনৈতিক অধিকার সমুন্নত রাখা এবং এই মাধ্যমগুলোতে জেন্ডার ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবস ২০০১ সাল থেকে ইউনেসকো পালন করে আসছে।
গোলটেবিল বৈঠকে উদ্বোধনী বক্তব্যে ইউনেসকোর ঢাকা কার্যালয়ের অফিসার ইনচার্জ সুসান ভাইজ বলেন, এখন প্রত্যেকের দৈনন্দিন জীবনে গণমাধ্যমের প্রভাব অনস্বীকার্য। তবে গণমাধ্যম ও শিল্পে নারীদের এখনো সমান অবস্থান নেই। বাংলাদেশে জেন্ডার সমতা উন্নয়নের জন্য এ বিষয়ে সংলাপ আয়োজনের জায়গা তৈরি করা প্রয়োজন। যে জায়গা নারী, পুরুষ ও ট্রান্সজেন্ডার এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করবে।
সূচনা বক্তব্যে আর্টিকেল নাইনটিনের আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, সমাজে মনের কথা প্রকাশ করাই আজকাল দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাইবার বুলিং এখন বড় সমস্যা। তাই মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে, অবাধ তথ্যপ্রবাহ নিয়ে কাজ করতে হবে।
আলোচনায় অংশ নিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, যাঁদের জেন্ডার বিষয়ে স্বচ্ছ ধারণার অভাব আছে, তাঁদের এই ধরনের আলোচনা ও প্ল্যাটফর্মে যুক্ত করা প্রয়োজন।
নির্মাতা আশফাক নিপুন বলেন, জেন্ডার বিষয়ে মনস্তাত্ত্বিক পরিবর্তন আনাটা খুবই জরুরি।
সাংস্কৃতিক চর্চার পরিসর আরও সহজ ও অবাধ করতে শিল্পমাধ্যমের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার ওপর জোর দেন ডটবার্থের ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন। তিনি বলেন, একটি সচেতন সমাজ তৈরির জন্য বেসরকারি খাত ও টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষসহ সবাইকে নিয়ে এমনভাবে কাজ করতে হবে, যেন এর ফলাফল টেকসই হয়। আরও গভীরে ডুব দিয়ে সমস্যার কারণ অনুসন্ধান করে দেখতে হবে নারীদের জন্য কাজ করা কেন কঠিন হয়ে যাচ্ছে।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি কর্মসূচির পরিচালক নবনীতা চৌধুরী, অভিনেতা রওনক হাসান, ই-আরকির প্রতিষ্ঠাতা সিমু নাসের, নির্মাতা শামীম আখতার, ফিল্ম সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মোকাররম হোসেন, কিউরেটর অ্যান্ড বুকমেকারের পরামর্শক অমিতাভ দেউড়ি, নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরো, নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত, হাফ স্টপ ডাউনের প্রযোজক মাহজাবিন রেজা চৌধুরী, ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসিসহ অনেকে।