মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেলেন লাকী ইনাম ও সায়িক সিদ্দিকী
নাটকের দল থিয়েটার প্রবর্তিত মুনীর চৌধুরী সম্মাননা পেলেন নাট্যজন লাকী ইনাম। আর মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেলেন পালাকার, নির্দেশক ও অভিনেতা সায়িক সিদ্দিকী। শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ৯৭তম জন্মবার্ষিকীতে রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে পদক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
থিয়েটারের সভাপতি ফেরদৌসী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর। স্বাগত বক্তব্য দেন থিয়েটারের সাংগঠনিক পরিচালক রামেন্দু মজুমদার। প্রয়াত নাট্যজনদের স্মরণ করে তিনি বলেন, ‘প্রগতিশীল চিন্তার বীজতলা তৈরি ও এর বিকাশে যাঁরা কাজ করেছেন, তাঁদের অন্যতম ছিলেন মুনীর চৌধুরী। বাংলাদেশের যে সাংস্কৃতিক সংগ্রাম ও আন্দোলন না হলে রাজনৈতিক আন্দোলন বেগবান হতো না, তাঁর পেছনের কারিগরদের নিয়ে আমরা এখন আলোচনা করি না। তাঁদের নিয়ে আলোচনা করলে মুনীর চৌধুরী ও মোহাম্মদ জাকারিয়াকে নিয়ে জাতীয়ভাবে চর্চা ও আলোচনা করা হতো। মুনীর চৌধুরী শুধু নাট্যকার হিসেবে নন, সাহিত্যের যে জায়গায় তিনি হাত দিয়েছেন, সেখানেই স্মরণীয় হয়েছেন।’
ফেরদৌসী মজুমদার বলেন, ‘লাকী ইনাম ও সায়িক সিদ্দিকীকে সম্মানিত করে আমরাও সম্মানিত হয়েছি। জাকারিয়া দাদা ছিলেন আদর্শ পুরুষ। নাটকে তিনি ছিলেন আমার বাবা। তাঁর চারিত্রিক দৃঢ়তা, নিষ্ঠা জ্ঞানের বিষয় আমরা শুনতাম।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শহীদ মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর এবং মোহাম্মদ জাকারিয়ার স্বজন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অমিত দে। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে মঞ্চস্থ হয় সায়িক সিদ্দিকীর নির্দেশনায় ‘রুপচান সুন্দরীর পালা’।
বাংলাদেশের আধুনিক নাটকের অগ্রপথিক মুনীর চৌধুরী স্মরণে ১৯৮৯ সাল থেকে কীর্তিমান নাট্যজনদের এবং মোহাম্মদ জাকারিয়া স্মরণে ১৯৯৭ সাল থেকে তরুণ নাট্যকর্মীদের এ সম্মাননা দিয়ে আসছে নাটকের দল থিয়েটার। করোনা মহামারির কারণে ২০২০ সালে সম্মাননার আয়োজন হয়নি। তবে গত বছর একসঙ্গে ২০২০ ও ২০২১ সালের সম্মাননা দেওয়া হয়। ওই দুই বছর মুনীর চৌধুরী সম্মাননা দেওয়া হয় যথাক্রমে অভিনেতা, নির্দেশক ও সংগঠক সারা যাকের এবং তারিক আনাম খানকে।
মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক দেওয়া হয় যথাক্রমে সম্বিত সাহা ও জ্যোতি সিনহাকে।
বাংলাদেশের নাট্যচর্চায় আধুনিক চেতনা সঞ্চারে অগ্রণী পুরুষ হিসেবে মনে করা হয় মুনীর চৌধুরীকে। কারাজীবনে রচিত ‘কবর’ নাটকের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন বিশেষভাবে। অন্যদিকে ১৯৪৪ সালে বিজন ভট্টাচার্যের যুগ সৃষ্টিকারী প্রযোজনা ‘নবান্ন’ নাটকে শরণার্থীর ভূমিকায় অভিনয় দিয়ে মঞ্চে অভিনয় শুরু করেন মোহাম্মদ জাকারিয়া। ১৯৭২ সালে তিনি যোগ দেন থিয়েটার গোষ্ঠীতে।