তিন জেলায় র‍্যাবের অভিযান, ৫০ হাজার লিটার তেলের অবৈধ মজুত শনাক্ত

চট্টগ্রামে অবৈধভাবে মজুত রাখা ৪৫ হাজার ৫৪৯ লিটার অকটেন, পেট্রল, ডিজেল ও ভোজ্যতেল উদ্ধার করে র‍্যাবছবি: র‍্যাবের সৌজন্যে

জ্বালানি ও ভোজ্যতেলের কৃত্রিম সংকট রোধে দেশের তিন জেলায় অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এ অভিযানে প্রায় ৫০ হাজার লিটার তেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করা হয়েছে।

একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল শুক্রবার চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও ফরিদপুর জেলায় এসব অভিযান চালানো হয় বলে আজ শনিবার র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আরও পড়ুন

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব বলেছে, চট্টগ্রামের ছয়টি স্থানে এবং সিরাজগঞ্জের সলঙ্গা ও ফরিদপুরের কোতোয়ালি থানায় অভিযান চালানো হয়। এর মধ্যে হাটহাজারী, কর্ণফুলীর মইজ্জারটেক বাজার, নগরের সদরঘাট ও মেডিকেল রোড এলাকা এবং কয়েকটি আবাসিক ভবনের ফ্ল্যাট ও ব্যক্তিগত গুদাম অন্তর্ভুক্ত ছিল।

এ সময় অবৈধভাবে মজুত রাখা ৪৫ হাজার ৫৪৯ লিটার অকটেন, পেট্রল, ডিজেল ও ভোজ্যতেল উদ্ধার করা হয়। অগ্নিনির্বাপক ব্যবস্থার অভাব, অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন এবং অবৈধ মজুতের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ১ হাজার ৫০০ লিটার তেল জব্দ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‍্যাব আরও জানায়, সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় ৭০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রল অবৈধভাবে মজুতের দায়ে দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

আরও পড়ুন
চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও ফরিদপুরে অভিযান চালায় র‍্যাব
ছবি: র‍্যাবের সৌজন্যে

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি পেট্রলপাম্পে অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে একটি মোটরসাইকেলে অতিরিক্ত জ্বালানি বহনের কারণে এক আরোহীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানিয়েছে, বাজারে অস্থিরতা সৃষ্টিকারী মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমও জোরদার করা হয়েছে।