হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান

হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। মঙ্গলবার রাতে দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো আলোকচিত্রী হিসেবে পিনু রহমান পেয়েছেন হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার। এই পুরস্কারের ১৫তম আসরে ‘ফ্যামিলি’ (পরিবার) থিমে গ্র্যান্ড পুরস্কার জয় করেছেন বাংলাদেশের এই শৌখিন আলোকচিত্রী। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার সর্বোচ্চ পুরষ্কার এটি।

মঙ্গলবার দুবাইয়ের সময়ে রাত আটটার দিকে দুবাই ফিউচার মিউজিয়ামে অনুষ্ঠানে এই পুরষ্কার ঘোষণা করা হয়। ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের আলোকচিত্রের জন্য এই পুরস্কার পেয়েছেন পিনু রহমান। আলোকচিত্রে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া কড়াইল বস্তির একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন একটি পরিবারের পাঁচ সদস্য। ঘরবাড়ি, সম্পদ কিংবা আশ্রয় হারিয়ে গেলেও পরিবারের বন্ধন ও ভালোবাসা যে অটুট থাকে, সেই মানবিক বার্তাই ছবির মাধ্যমে তুলে ধরেছেন তিনি।

আন্তর্জাতিক এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত পিনু রহমান। তিনি বলেন, ‘বরাবরই আমি মানুষের গল্প বলতে ভালোবাসি। আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পুরস্কার অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার ভিজ্যুয়াল জার্নি এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।’

পেশায় ব্যাংকার পিনু রহমান রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। তাঁর বেড়ে ওঠা পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন তিনি।

‘ফ্যামিলি’ বা পরিবার বলতে সাধারণত মানুষের সম্পর্ক, ভালোবাসা ও একসঙ্গে পথচলার গল্পকেই বোঝানো হয়। এবারের প্রতিযোগিতায় পরিবারের ধারণাকে আরও বিস্তৃতভাবে দেখার আহ্বান জানিয়েছিল হিপা কর্তৃপক্ষ। মানুষের পাশাপাশি উদ্ভিদজগৎ, খনিজ পদার্থের গঠন কিংবা সময়ের পরিক্রমায় তৈরি বিভিন্ন উপাদানের মধ্যেও পারস্পরিক সংযোগ ও একাত্মতার গল্প খুঁজে দেখার সুযোগ ছিল এবারের মূল থিমে।

হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। মঙ্গলবার রাতে দুবাইয়ে
ছবি: প্রথম আলো

এ বছর আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছেন পিনু রহমান। সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন তিনি। এ ছাড়া ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের আলোকচিত্রের জন্য পেয়েছেন প্রথম পুরস্কার। তাঁর ওই আলোকচিত্রে দেখা যায়, মাথায় পাটের বোঝা নিয়ে কাজ করছেন এক বৃদ্ধ পাটশ্রমিক। একই আসরে সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ শীর্ষক আলোকটিত্রের জন্য ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতিও পেয়েছেন তিনি।

হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের এবারের আসরে মূল থিম ‘ফ্যামিলি’র পাশাপাশি আরও চারটি বিভাগ ছিল। সেগুলো হলো স্পোর্টস ফটোগ্রাফি, পোর্টফোলিও (স্টোরি-টেলিং), জেনারেল এবং নতুন সংযোজন ‘ড্রিমস থ্রু এআই’।

হিপার ১৪তম আসরের মূল থিম ছিল ‘পাওয়ার’ বা শক্তি। ওই আসরে ইতালির আলোকচিত্রী জানলুকা জানফেরারি সিসিলি দ্বীপের এননা অঞ্চলের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছবি তুলে গ্র্যান্ড পুরস্কার জিতেছিলেন।

এর আগে ২০১৭ সালে হিপার অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ থিমে প্রথম পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের আলোকচিত্রী কে এম আসাদ। এ ছাড়া বিভিন্ন বছর প্রতিযোগিতার অন্যান্য বিভাগ ও বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন আরও ১৩ জন বাংলাদেশি আলোকচিত্রী। পিনু রহমানের এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আলোকচিত্রের গুরুত্বপূর্ণ এই আয়োজনে আবারও স্বীকৃতি পেল বাংলাদেশের আলোকচিত্র।