এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা নিতে বাধা নেই

প্রতীকী ছবি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশোধিত বিজ্ঞপ্তি ও পরীক্ষাসূচি স্থগিতসংক্রান্ত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত হয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করা পর্যন্ত এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

অষ্টম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা–২০২৬–এর এমসিকিউ (বহুনির্বাচনি প্রশ্ন) পরীক্ষা ১৮ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হওয়ার কথা। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় এনটিআরসিএর ওই পরীক্ষা নিতে বাধা নেই এবং যথারীতি শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার বাহার রুমি।

এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার বাহার রুমি, মোহাম্মদ মেহেদি হাসান ও নূর মুহাম্মদ আজমী।

রিট আবেদনকারীদের আইনজীবীর তথ্যমতে, ১৩ হাজার ৫৫৯টি শূন্য পদে নিয়োগ (প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার জন্য গত ২৯ জানুয়ারি দরখাস্ত আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। এ ক্ষেত্রে শিক্ষকদের ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। আবেদন দাখিলের পর এমপিও নীতিমালায় পরিবর্তন আনা হয় গত মার্চে। এই নীতিমালা অনুসারে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে শিক্ষকদের ১৮ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। এরপর ২৯ জানুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ১১ হাজার ১৫১টি শূন্য পদে নিয়োগে এনটিআরসিএ দরখাস্ত আহ্বান করে ২৫ মার্চ সংশোধিত বিজ্ঞপ্তি দেয়। এ অনুসারে অষ্টম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার সময়সূচি জানিয়ে ৯ এপ্রিল বিজ্ঞপ্তি দেওয়া হয়।

প্রথম বিজ্ঞপ্তি বাতিল করে ২৫ মার্চ দেওয়া সংশোধিত বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রিট করেন দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৪ আবেদনকারী। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৫ এপ্রিল হাইকোর্ট সংশোধিত বিজ্ঞপ্তি ও পরীক্ষাসূচির কার্যক্রম (আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য) দুই মাসের জন্য স্থগিত করেন বলে জানান রিট আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী হুমায়ুন কবির বুলবুল।