জুলাই জাতীয় সনদের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

হাইকোর্টফাইল ছবি

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আবেদনকারী হয়ে আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ও দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত বছরের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষরিত হয়। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল হলো জুলাই জাতীয় সনদ।

আরও পড়ুন

জুলাই জাতীয় সনদের কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদনকারী হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিট দায়েরের তথ্য নিশ্চিত করে তিনি প্রথম আলোকে বলেন, জুলাই জাতীয় সনদ-২০২৫-এর বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে রিটটি করেছেন। জুলাই জাতীয় সনদ সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই জাতীয় সনদ-২০২৫-এর কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে রিটে। হাইকোর্টে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।