কিছু অসাধু কর্মকর্তা মন্ত্রীদের প্রভাবিত করে নিয়োগ–বাণিজ্য করছেন: মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অনিয়ম ও দুর্নীতি বন্ধে উচ্চপর্যায়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা মন্ত্রীদের নানাভাবে প্রভাবিত করে নিয়োগপদ্ধতি ভঙ্গ করে নিয়োগ–বাণিজ্য করছেন।
আজ সোমবার ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সম্পাদকমণ্ডলীর সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এ কথা বলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে তিন মাসের বেশি সময় ধরে রাজধানীর শাহবাগে ‘গণ–অনশন’ কর্মসূচি পালন করে আসছেন এনটিআরসিএর অধীনে পরীক্ষা দিয়ে নিবন্ধন পাওয়া একদল চাকরিপ্রত্যাশী। ‘প্যানেলপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন’-এর ব্যানারে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করে আসছেন।
এ প্রসঙ্গে রাশেদ খান মেনন বলেন, নিবন্ধনকৃত নিয়োগপ্রত্যাশী শিক্ষকেরা এনটিআরসিএর বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে ঢাকায় ১০০ দিন ধরে অনশন করছেন। অনশনরত শিক্ষক নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংসদ সদস্য, ছাত্র সংগঠন, পেশাজীবী মানুষ আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। কিন্তু বিষয়টি এখনো সুরাহা হয়নি।
ওয়ার্কার্স পার্টির এই নেতা আরও বলেন, প্রশাসনকে অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। তিনি নিবন্ধনকৃত নিয়োগপ্রত্যাশীদের নিয়মকানুন মেনে নিয়োগের আহ্বান জানান।
ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সভায় অন্য নেতারা উপস্থিত ছিলেন।