স্বামী-সন্তানসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম, তাঁর স্বামী মো. আখতার হোসেন, তাঁদের ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম তিনজনের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম, তাঁর স্বামী মো. আখতার হোসেন, তাঁদের ছেলে প্রতীক তাসদিক হোসেনের নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট, প্লট ক্রয় করেছেন। অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।