নির্বাচন–পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ নাগরিক কোয়ালিশনের

বিবৃতিপ্রতীকী ছবি

সারা দেশে নির্বাচন–পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নাগরিক কোয়ালিশন। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় নাগরিক প্ল্যাটফর্মটি।

বিবৃতিতে বলা হয়, ‘১২ ফেব্রুয়ারি সারা দেশের ২৯৯ সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করেছে বলে আমরা জানি।’ নির্বাচনকালীন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সফলতার জন্য নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলো দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি, নির্বাচনের ফলাফল প্রকাশের কয়েক ঘণ্টা পর থেকেই দেশের অনেক স্থানে (ইতিমধ্যে শতাধিক ঘটনার সংবাদ এসেছে) নির্বাচনে অংশ নেওয়া পরাজিত বেশ কয়েকজন প্রার্থীর সমর্থকদের ওপর হামলা হয়েছে। বাড়িঘরে আগুন দেওয়া ও ভাঙচুর হয়েছে বলেও অভিযোগ এসেছে।

পুলিশ সূত্রে নাগরিক কোয়ালিশনের বিবৃতিতে বলা হয়, নির্বাচন–পরবর্তী সহিংসতায় একজন নিহত হয়েছে। এ ছাড়া মোট ৪২টি হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। মুন্সিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় পরাজিত প্রার্থীর একজন সমর্থককে (জসিম উদ্দীন) গত শনিবার আক্রমণ করা হয় ও তিনি মৃত্যুবরণ করেন। বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

নাগরিক কোয়ালিশনের বিবৃতিতে বলা হয়, নির্বাচনের ফলাফল পরবর্তী প্রতিটি সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে নাগরিক কোয়ালিশন। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার ও জড়িতদের আইনের আওয়তায় আনার দাবি জানাচ্ছে।

নাগরিক কোয়ালিশন সব রাজনৈতিক দলের নেতাদের কাছেও আবেদন করছে, যাতে তাঁরা তৃণমূল পর্যায়ে জরুরি ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেন এবং নিশ্চিত করেন যেন এ রকম ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না হয়।