‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা মানুষ ভালোভাবে নিচ্ছে না’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ মানুষ ভালোভাবে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষ ভাঙচুর এবং কয়েকজন আইনজীবী ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপিপন্থী ১৮ আইনজীবীর আগাম জামিন আবেদনের শুনানিতে আজ সোমবার আদালত এ মন্তব্য করেন।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানিকালে আদালত বলেন, ‘বারে (আইনজীবী সমিতি) এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কে বা কারা করেছে, বলতে চাই না। কিন্তু মানুষ এটি ভালোভাবে নিচ্ছেন না। আশা করব, অনুরোধ জানাব, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।’
শুনানি নিয়ে আদালত ওই মামলায় বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, যুগ্ম মহাসচিব আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সমিতির সাবেক সম্পাদক মো. রুহুল কুদ্দুস, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলামসহ ১৪ আইনজীবীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। অপর চার আইনজীবীকে নিম্ন আদালতে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে ৩ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। দুপক্ষের হইচই ও হট্টগোলের মধ্যে সেদিন সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষ ভাঙচুর এবং কয়েকজন আইনজীবীর ওপর হামলার ঘটনাও ঘটে। এ ঘটনায় ৩ আগস্ট বিএনপিপন্থী ১৮ জন আইনজীবীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০–৫০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহকারী সুপারিনটেনডেন্ট মো. রফিকুল্লাহ বাদী হয়ে ওই মামলাটি করেন। এ মামলায় ১৮ আইনজীবী গতকাল আগাম জামিন চেয়ে আবেদন করেন। আজ বেলা তিনটার দিকে আবেদনের ওপর শুনানি হয়।
আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, এম বদরুদ্দোজা প্রমুখ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।
শুনানির শুরুতে এ জে মোহাম্মদ আলী বলেন, ‘আমরা সবাই ১৮ জন।’ আদালত এজাহারের অংশবিশেষ নিয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। এরপর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, ‘কোর্টকে সম্মান করা আমাদের সবারই দায়িত্ব, কর্তব্য। যখন আমরা আদালতে আসব, তখন আমাদের সে স্বরেই কথা বলা উচিত। আমার সিনিয়র (এ জে মোহাম্মদ আলী) যে স্বরে কথা বলেছেন, একবার নয়, দুই-তিনবার বলেছেন।’ এ সময় এ জে মোহাম্মদ আলী বলেন, ‘আমরা সবাই ১৮ বলেছি।’
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, জামিন আবেদনে দুটি মামলার বিষয়ে বলা আছে। সমিতির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আরেকটি পাল্টা লিখিত অভিযোগ আছে। তিনি বলেন, ‘এটি পড়লে স্বীকৃত যে ওই ঘটনা ঘটেছে। ঘটেছে কী জন্য? আমরা আইনজীবী।’
আদালত বলেন, ‘আমরাও একসময় সমিতির সদস্য ছিলাম, আমরা সবার স্নেহাস্পদ। বারে (সমিতি) এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কে কারা করেছে, বলতে চাই না। কিন্তু মানুষ এটি ভালোভাবে নিচ্ছে না। আশা করব, স্নেহাস্পদ হিসেবে অনুরোধ জানাব, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।’