জামাল উদ্দিন হত্যা মামলার ‘নির্দেশদাতা’ কাশেমের জামিন নামঞ্জুর
চট্টগ্রামের ব্যবসায়ী জামাল উদ্দিন চৌধুরীকে অপহরণ ও হত্যা মামলার আসামি আবুল কাশেম চৌধুরী ওরফে কাশেম চেয়ারম্যানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তার শুনানি শেষে এ আদেশ দেন। এ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর গত ৩ জানুয়ারি আত্মসমর্পণ করে কারাগারে যান কাশেম।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ।
২০০৩ সালের ২৪ জুলাই রাতে নগরের চকবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে অপহৃত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তৎকালীন সহসভাপতি জামাল উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। তাঁকে ঠেকাতে ও কোটি টাকা মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করা হয়েছিল বলে জানা যায়। মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় তাঁকে খুন করা হয়।
পরিবার জানায়, জামাল উদ্দিন অপহরণের ঘটনা ‘সাজানো নাটক’ বলে মন্তব্য করে পুলিশ প্রথমে মামলা নেয়নি। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই বছর পর অপহরণের ‘অন্যতম হোতা’ আনোয়ারা সদরের সাবেক ইউপি সদস্য মো.শহীদকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যের ভিত্তিতে জেলার ফটিকছড়ির কাঞ্চননগর পাহাড়ি এলাকা থেকে ২০০৫ সালের ২৪ আগস্ট জামাল উদ্দিনের কঙ্কাল উদ্ধার করে র্যাব।
সিঙ্গাপুরে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, কঙ্কালটি জামাল উদ্দিনের। এর আগে প্রশাসনের পরামর্শ অনুযায়ী, অপহরণকারী চক্রকে মুক্তিপণের ২৫ লাখ টাকা দিয়েছিল পরিবার। কিন্তু জামাল উদ্দিনকে মুক্তি দেওয়া হয়নি।
ওই ঘটনা তদন্ত করেন পুলিশের ৯ কর্মকর্তা। তদন্ত শেষ হতে লাগে সাড়ে তিন বছর। এরপর ২০০৬ সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আনোয়ারার সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, তাঁর ছোট ভাই মারুফ নিজামসহ ২৪ জনকে অব্যাহতি দিয়ে ও ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয়। এটির বিরুদ্ধে নারাজি দেন বাদী। মামলার আসামি কালা মাহবুবকে রাজসাক্ষী করায় আপত্তি জানিয়ে মারুফ নিজাম উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন ২০০৭ সালে। ২০১১ সালে স্থগিতাদেশ প্রত্যাহার হলে লিভ টু আপিল করেন আসামিরা। এটি খারিজের আদেশ চট্টগ্রাম আদালতে এসে পৌঁছায় ২০১৬ সালে।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে আদালত সিআইডির দেওয়া (২০০৬ সালে) অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর বাদীর নারাজি আবেদন খারিজ করে দেন। ইতিমধ্যে মারা যান দুই আসামি। পরের বছরের ফেব্রুয়ারিতে ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।
পুলিশ সূত্র জানায়, ২০১৪ সালে গ্রেপ্তার হওয়া আসামি সুলতান ড্রাইভার জিজ্ঞাসাবাদে বলেছিলেন, জামাল উদ্দিনকে কাঞ্চননগরের গহিন পাহাড়ে নিয়ে যান তিনি। জামাল উদ্দিনকে গুলি করে হত্যার আগপর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন তিনি, কালা মাহবুব, লম্বা মাহবুব ও টেংরা ওসমান। কাশেম চেয়ারম্যানের নির্দেশে জামাল উদ্দিনকে হত্যা করা হয়।
পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতেই জামাল উদ্দিন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এ মামলায় সাক্ষী ৮৪ জন। তাঁদের মধ্যে মাত্র তিনজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।