কামাল মজুমদারসহ ১৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্সহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ সোমবার এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।
পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, রাজধানীর মিরপুর এলাকায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা, পল্লবীর কিছু এলাকাতে ৫০ জনের বেশি নিরীহ–নিরস্ত্র ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন। এ ছাড়া সেখানকার আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সশস্ত্র ক্যাডাররা ছিল। তাদের বিরুদ্ধে এই অভিযোগটি আনা হয়েছে।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, এই মামলার সব আসামির নাম তাঁরা এখন বলবেন না। কারণ, আজ এই আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি হয়নি।