সারা দেশে বজ্রপাতে প্রাণ গেল সাতজনের
সারা দেশের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তিনজন, বগুড়ার আদমদীঘিতে একজন, নরসিংদীর রায়পুরায় দুজন ও বেলাব উপজেলায় একজন মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে ও বিকেলে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সোনাপট্টি গ্রামের রফিকুল ইসলাম (৩০), দেবীনগর ইউনিয়নের নামো হরমা গ্রামের ইসারুল হক (৩৫) ও শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর ভোলাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (৪০) বজ্রপাতে মারা যান।
অন্যদিকে বগুড়ার আদমদীঘিতে মাঠে ধান কাটার সময় ছোলায়মান আলী (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়। তিনি আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ওই গ্রামের পাশে ধানখেতে বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে নরসিংদীর রায়পুরা উপজেলায় আহাদ মিয়া (২২) ও রানা আহমেদ (২০) নামের দুই তরুণ বজ্রপাতে মারা গেছেন। এ ঘটনায় তাঁদের সঙ্গে থাকা শিমন মিয়া (২০) নামের আরেক তরুণ আহত হয়েছেন। আহাদ উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে এবং রানা একই এলাকার বাছেদ মিয়ার ছেলে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের শুঁটকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনেরা জানান, দুপুরের দিকে তিন বন্ধু আহাদ, রানা ও শিমন ঝালমুড়ি খাচ্ছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়। তখন তাঁরা আম পাড়ার পরিকল্পনা করেন। বেলা আড়াইটার দিকে তাঁরা গাছের কাছে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতে তাঁরা আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তিনজনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া বেলাব উপজেলার বেলাব ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের রেহেনা বেগম (৪০) নামের এক নারীও বজ্রপাতে মারা গেছেন। বেলা আড়াইটার দিকে বাড়ির পাশের জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে তিনি মারা যান। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।