সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের
সাংবাদিক তানবিরুল মিরাজ রিপনকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। বৃহস্পতিবার সিপিজে এশিয়া অঞ্চলের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়েছে।
বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠন সিপিজে বলেছে, দ্য ইকোনমিস্ট ও স্কাই নিউজের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত স্বাধীন ধারার সাংবাদিক তানবিরুল মিরাজকে গত ৩০ মার্চ কক্সবাজারে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কার্যালয়ে তলব করা হয়।
সিপিজেকে ফোনে মিরাজ জানান, সেখানে তাঁকে প্রায় ৩০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় একজন কর্মকর্তা তাঁকে পরিবার সম্পর্কে নানা প্রশ্ন করেন এবং তাঁকে আবারও কার্যালয়ে আসতে হতে পারে বলে জানান।
সিপিজের ফেসবুক পোস্টে আরও বলা হয়, স্বাধীন ধারার সাংবাদিক তানবিরুল মিরাজের ওপর অবিলম্বে সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে বাংলাদেশ সরকারকে। একই সঙ্গে সংবাদকর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীকে ব্যবহার করাও বন্ধ করতে হবে।
সিপিজে বলেছে, শুধু পেশাগত দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের গোয়েন্দা সংস্থায় তলব করা কিংবা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলা অনুচিত। এ ধরনের কর্মকাণ্ড সংবাদপত্রের স্বাধীনতাকে চরমভাবে ক্ষুণ্ন করে।
স্থানীয় গোয়েন্দা সূত্রের দাবি, তানবিরুল মিরাজকে জিজ্ঞাসাবাদ করা হয়, তিনিসহ স্থানীয় আরও দুজনকে ডেকে কথা বলা হয়েছে। রোহিঙ্গা ও আরাকান আর্মির অনুগতদের আইনশৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের বিরুদ্ধে সবার সচেতনতা সৃষ্টি নিয়ে এ আলোচনা হয়।