সাংবাদিক রব্বানি হত্যাকাণ্ডের ঘটনায় ১১ দূতাবাস–হাইকমিশনের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানির (নাদিম) ওপর ১৫ জুনের ভয়াবহ হামলা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় ১১টি দূতাবাস ও হাইকমিশনের সংগঠন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)।

আজ বুধবার এমএফসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা রব্বানির পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরুর পদক্ষেপকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।’

বিবৃতিতে বলা হয়, কঠিন প্রশ্ন জিজ্ঞাসা, ঘটনার বিবরণ প্রকাশ ও তথ্যের অবাধ প্রবাহকে উৎসাহিত করে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের কাজের পরিবেশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশে দায়িত্বশীল সবার প্রতি আহ্বান জানাচ্ছে এমএফসি।

একইসঙ্গে সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানায় সংগঠনটি।

বিবৃতিতে স্বাক্ষরকারী দূতাবাস ও হাইকমিশনগুলো হচ্ছে—কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।