সাবেক সংসদ সদস্য সায়েদুল হক সুমনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আদালতপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ও তাঁর স্ত্রী ছাম্মী আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি ও তাঁর স্ত্রী স্থাবর–অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন। শুনানি নিয়ে আদালত সৈয়দ সায়েদুল হক ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। গত বছরের ২২ অক্টোবর রাজধানী থেকে গ্রেপ্তার হন সায়েদুল হক। এর পর থেকে কারাবন্দী তিনি।

এর বাইরে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রকৌশলী জগদীশ চন্দ্র মন্ডল ও তাঁর স্ত্রী সবিতা মন্ডলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, জগদীশ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে ঘুষ–বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি ও তাঁর স্ত্রী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।