দক্ষিণাঞ্চলের ৫,৮১৪টি মোবাইল নেটওয়ার্ক সাইট এখনো চালু হয়নি: বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। ফলে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হচ্ছে। সোমবার বিকেলে খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ এলাকায়
ছবি: সাদ্দাম হোসেন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলায় ১৩ হাজার ৯০২টি মোবাইল নেটওয়ার্ক সাইট আছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গতকাল সোমবার ৭ হাজার ৩৪২টি সাইট বন্ধ হয়ে যায়। তার মধ্যে ১ হাজার ৫২৮টি সাইট সচল করা হয়েছে। এখনো ৫ হাজার ৮১৪টি মোবাইল নেটওয়ার্ক সাইট অচল রয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলো বাকি নেটওয়ার্ক সাইটগুলো সচল করতে কাজ করছে।

গতকাল সোমবার রাতে দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানে। এর প্রভাবে গতকাল সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বাতাস ও বৃষ্টি হয়। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দক্ষিণের ১৯টি জেলার অধিকাংশ এলাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এখনো ৪০ লাখ গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এখনো অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। ফলে টেলিযোগাযোগ সেবাও ব্যাহত হচ্ছে।

বিটিআরসি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলায় ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটরদের মধ্যে বাহন লিমিটেডের ৩৯টি পিওআই আছে, যেগুলোর সবই সচল। ফাইবার অ্যাট হোমের ১৪৫টি পয়েন্ট অব প্রেজেন্সের (পপ) মধ্যে ১৪৪টি সচল। এ অঞ্চলে সামিট কমিউনিকেশনসের ৩৫২টি পপ আছে। বিদ্যুৎ-বিভ্রাট ও অতিরিক্ত প্লাবনের কারণে সব কটি পপ সচল হয়নি।

বিটিআরসি বলছে, সামিটের এই ৩৫২টি পপ থেকে অধিকাংশ মোবাইল অপারেটররা সেবা নেন। ঘূর্ণিঝড়ের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই এলাকাগুলোতে এনটিটিএন সংযোগ পেতে সাময়িকভাবে ব্যাপক প্রতিবন্ধকতা দেখা দেয়। এনটিটিএন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সংযোগ প্রদানের জন্য কাজ করছে।

ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৮৫টি পপ আছে। তবে তাদের কোনো পপ ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানানো হয়েছে।

১৯টি জেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩২৬টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) প্রতিষ্ঠান আছ। তাঁদের ১ হাজার ৩৯৯টি পপের মধ্যে বিদ্যুৎ-বিভ্রাটের কারণে ৯৯টি পপ অচল আছে বলে জানিয়েছে বিটিআরসি। এ ছাড়া দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন সেবাও বিঘ্নিত হয়েছে।

বিটিআরসির তালিকায় ক্ষতিগ্রস্ত ১৯টি জেলা হচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, গোপালগঞ্জ, নড়াইল ও শরীয়তপুর।