১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় মোহাম্মদপুরে বহিষ্কৃত শ্রমিকদল নেতা গ্রেপ্তার

হাতকড়াপ্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে আন্তজেলা ট্রাক মালিক সমিতির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় শ্রমিক দলের বহিষ্কৃত নেতা মো. আলী কায়সার পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির পাশাপাশি ভাঙচুর ও মারধরের অভিযোগ রয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩১ আগস্ট বিকেলে সাত মসজিদ হাউজিংয়ের ভাঙা মসজিদ ট্রাক টার্মিনালে আন্তজেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে পিন্টুসহ কয়েকজন যান। সেখানে তাঁরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং নগদ ৫ লাখ টাকা দিতে বলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা কার্যালয়ে ভাঙচুর চালান এবং সমিতির সদস্য বেলায়েত হোসেনকে মারধর করেন। এ ঘটনায় প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানায় পিন্টুর বিরুদ্ধে অন্তত আটটি মামলা রয়েছে। পুলিশের তালিকায় শীর্ষ চাঁদাবাজদের মধ্যেও তাঁর নাম রয়েছে।

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত বছরের মে মাসে পিন্টুকে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক পদ ও দলের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। দলটির পক্ষ থেকে পুলিশকে দেওয়া একটি চিঠিতে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িত থাকার অভিযোগ তুলে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।