দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদ থেকে নির্ধারণ করা হবে।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রীর কাছে ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করাই সরকারের প্রধান লক্ষ্য। সিটি করপোরেশনের মধ্যে যেটির মেয়াদ আগে শেষ হবে, সেখানে আগে নির্বাচন হবে বলে জানান তিনি।
দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ–সংক্রান্ত প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রশাসকেরা জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে সেবা নিশ্চিত করতে পারেন। সরকারি কর্মকর্তাদের চেয়ে তাঁরা জনদুর্ভোগ লাঘবে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেই তাঁদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএনপির মহাসচিব আরও বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে অগ্রাধিকার দেওয়া হবে। পর্যায়ক্রমে বাকি সিটি করপোরেশন, পৌরসভাসহ অন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের আয়োজন করবে সরকার।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, অকার্যকর স্থানীয় সরকারকে সচল করতেই রাজনৈতিক প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছে।
দায়িত্ব নিলেন ছয় সিটির প্রশাসক
দায়িত্ব নিয়ে ছয় সিটি করপোরেশনের প্রশাসক নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তাঁরা জানান, সংশ্লিষ্ট সিটি করপোরেশনের আওতাধীন এলাকার মশা নিধন, যানজট নিরসন ও রাস্তাঘাট মেরামতের মতো জনগুরুত্বপূর্ণ কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। দ্রুত ফলাফল নিশ্চিত করতে ৬০ দিনের একটি বিশেষ কর্মসূচি বা ‘ক্র্যাশ প্রোগ্রাম’ নিয়ে কাজ শুরু করবেন বলেও স্থানীয় সরকারমন্ত্রীকে জানিয়েছেন প্রশাসকেরা।
এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকেরা।
মন্ত্রী তাঁর দপ্তরে নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকদের স্বাগত জানান। সাক্ষাৎকালে ছয় সিটির প্রশাসকেরা সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।