উনি তো নিজেই আসতে চান, বলবেন প্রত্যর্পণ করে দাও, জটিলতা দেখি না: জাহেদ উর রহমান
ভারতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু নিজেই আসতে চাইছেন, সুতরাং প্রত্যর্পণ আইনে কোনো জটিলতা দেখছে না সরকার।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথা বলেছেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এ কথা বলেন ।
জাহেদ উর রহমান বলেন, ‘আমরা ওনাকে প্রত্যর্পণ করতে চাই। ওনাকে ধরে আনতে চাই ...। এখন উনি তো নিজেই আসতে চান। তার মানে ওনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বলবেন আমাকে প্রত্যর্পণ করে দাও ... সুতরাং প্রত্যর্পণ নিয়ে যে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।’
দেশের সরকার দণ্ডিত আসামিকে প্রত্যর্পণ করতে চায়। ভারত সরকারকে এটা করতে দিতে হবে এবং ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা না বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘কারণ যাকে প্রত্যর্পণ করার কথা, তিনিই আসতে চান। সুতরাং আইনি কোনো বিষয় আছে বলে আমরা এখন আর মনে করি না।’
গতকাল সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ–সংক্রান্ত আবেদন করেছেন। রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্সের খবরে বলা হয়, ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা। ভারতে থাকা শেখ হাসিনার এ পদক্ষেপকে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।