সেনাবাহিনীর শীতকালীন বহিরঙ্গণ অনুশীলনের চূড়ান্ত মহড়া পরিদর্শন সেনাপ্রধানের
টাঙ্গাইলের দেলদুয়ারে সেনাবাহিনীর শীতকালীন বহিরঙ্গণ অনুশীলনের চূড়ান্ত মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার এই মহড়া পরিদর্শন করেন তিনি। এর মধ্য দিয়ে সেনাবাহিনীর তিন সপ্তাহব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ২০২২-২০২৩ ‘অনুশীলন নবউদ্যোগ’ শেষ হলো। সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন সফলভাবে এই অনুশীলন পরিচালনা করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুশীলনে সাঁজোয়া বহর, এপিসির পাশাপাশি সেনাবাহিনীর ছত্রীসেনা অংশগ্রহণ করে। সেনাবাহিনীর আর্মি এভিয়েশনের হেলিকপ্টার ব্যবহার করে আর্মি কমান্ডো সন্নিবেশ, ইঞ্জিনিয়ার্স কর্তৃক প্রতিবন্ধকতা অপসারণ এবং পদাতিক ও অন্যান্য কোরের সমন্বয়ে শত্রু অবস্থানের ওপর আক্রমণ পরিচালনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীসহ সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, অন্যান্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
গত ১৯ ডিসেম্বর শীতকালীন প্রশিক্ষণের উদ্দেশ্যে সেনাসদর ও সেনাবাহিনীর সব ফরমেশন পূর্ণাঙ্গরূপে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন হয়। এবারের শীতকালীন প্রশিক্ষণের প্রতিপাদ্য হলো ‘যুদ্ধ পারঙ্গমতা, যুদ্ধোপযোগিতা ও রণপ্রস্তুতি প্রদর্শন’। দেশ সেবায় নিজেদের প্রস্তুত করে তুলতে সরেজমিনে বাস্তবধর্মী বিভিন্ন সামরিক বিষয়াদি অনুশীলনের মাধ্যমে পেশাগত জ্ঞান ও দক্ষতার উন্নয়ন সাধন করাই এই অনুশীলনের মূল লক্ষ্য।
প্রতিবছরের মতো এ বছরও শীতকালীন প্রশিক্ষণের পাশাপাশি সেনাবাহিনীর ফরমেশনসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান, ওষুধ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় গবাদি প্রাণীর বিনা মূল্যে চিকিৎসা, পরামর্শ প্রদান ও ওষুধ বিতরণ করছে।