চট্টগ্রামে ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ

জব্দ করা অনিবন্ধিত ওষুধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সর্ববৃহৎ ওষুধের মার্কেট হাজারী লেনে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত যৌথভাবে এ অভিযান চালায় জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন। অভিযানে চিকিৎসকের নমুনা (ফিজিশিয়ানস স্যাম্পল) ওষুধও জব্দ করা হয়।

অভিযানকালে তিনটি ওষুধের দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। দোকান তিনটি হলো—সততা ফার্মেসি, নিয়ামত শাহ ফার্মেসি ও ক্যাল ফার্মা।

অভিযানে জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ও আবদুল্লাহ আল মামুন অংশ নেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অভিযান শুরু হলে হাজারী লেনের ছবিলা কমপ্লেক্সে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ঢুকতে বাধা দেওয়া হয়। এ সময় ফার্মেসিগুলো বন্ধ করে মালিকেরা মার্কেটের বাইরে অবস্থান নেন।

পরে কোতোয়ালি থানা থেকে পুলিশের আরেকটি দল অভিযানে যোগ দেয়। তারপর ছবিলা কমপ্লেক্সের তৃতীয় তলার একটি ও চতুর্থ তলার একটি গুদামের তালা ভেঙে ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করা হয়। এ ছাড়া চিকিৎসকের নমুনা ওষুধও জব্দ করা হয়।

ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘নিম্নমানের অনিবন্ধিত ওষুধ বিক্রি অপরাধ। এতে মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে। তাই এগুলো জব্দ করা হয়েছে। দোষী ব্যক্তিদের জরিমানা করা হয়েছে।’

অভিযানকালে ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন আকন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সহসভাপতি আশীষ ভট্টাচার্য বলেন, ‘দু-একজন অসাধু ব্যবসায়ীর কারণে আমাদের সবার বদনাম হয়। প্রশাসনের এমন অভিযানে আমাদের সর্বাত্মক সমর্থন রয়েছে, ভবিষ্যতেও থাকবে।’