অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞাসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ছবি: প্রথম আলো

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞাসহ পাঁচজন আইন কর্মকর্তা পদত্যাগপত্র দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর আজ সোমবার পদত্যাগপত্র দিয়েছেন তাঁরা।

পদত্যাগপত্র দেওয়া অপর চার আইন কর্মকর্তা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবি ও মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জল চাকমা।

গত অন্তর্বর্তী সরকারের সময়ে আবদুল জব্বার ভুঞাসহ তিনজন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ১৩ আগস্ট নিয়োগ দেওয়া হয়। এর পর থেকে জব্বার ভুঞা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পদত্যাগপত্রের বিষয়ে আবদুল জব্বার ভুঞা প্রথম আলোকে জানান, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর আজ বিকেলে পদত্যাগপত্র দিয়েছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র দিয়েছেন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেয়। ডিএজি এবং এএজি পদে সব মিলে ২৬৬ জন নিয়োগ পান। এর আগে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে এ নিয়োগ দেওয়া হয়।

পদত্যাগপত্র দেওয়া অন্য চারজন ডেপুটি অ্যার্টনি জেনারেল সুলতানা আকতার রুবি ও মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জল চাকমা গত ৩০ জুলাই নিয়োগ পেয়েছিলেন।

ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র দিয়েছেন জানিয়ে সুলতানা আকতার রুবি প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র আজ আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ে পাঠানো হয়েছে। মামুন চৌধুরীও ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন জানিয়ে  প্রথম আলোকে বলেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করে আজ সকালে তাঁর কাছে পদত্যাগপত্র দিয়েছেন।

রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র আজ বেলা সাড়ে ১১টার দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানান রোহানী সিদ্দিকা। তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগতভাবে আইন পেশা পরিচালনা করব। ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি।’ আর প্রোজ্জল চাকমাও একই কারণে রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র আজ দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

এর আগে নতুন ওই নিয়োগের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ না পাওয়া ও নিয়োগপ্রত্যাশী বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে গত ২ আগস্ট বিক্ষোভ করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সেদিন বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় প্রতিদিনই তাঁরা বিক্ষোভ করেন।