আসন্ন বাজেট
রূপপুরে বরাদ্দ কমছে, বাড়ছে মেট্রোরেলে
জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় নতুন এডিপি অনুমোদন পাবে। বৃহৎ প্রকল্পের কোনোটির বরাদ্দ কমছে। কোনোটির বরাদ্দ বাড়ছে।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বরাদ্দ কমে যাচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটিতে ৯ হাজার ৭০৬ কোটি টাকা দেওয়া হচ্ছে। যদিও চলতি অর্থবছর রূপপুরকে দেওয়া হয়েছিল ১৩ হাজার ৩৯৫ কোটি টাকা। সরকারের বৃহৎ এ অবকাঠামো প্রকল্পে বরাদ্দ কমছে ৩ হাজার ৬৮৯ কোটি টাকা।
নতুন অর্থবছরের এডিপি অনুমোদন পাওয়ার কথা আজ বৃহস্পতিবার। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় নয়া এডিপি অনুমোদন দেওয়ার কথা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৯২৯ কোটি টাকা। যার মধ্যে ৯০ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে রাশিয়া। আসছে অর্থবছর কেন রূপপুর বিদ্যুৎকেন্দ্রে বরাদ্দ কমানো হচ্ছে, বিষয়টি জানতে কথা হয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তার সঙ্গে। তাঁরা বলেন, বাজেটে বড় অঙ্কের টাকা নেওয়া হলে পুরো টাকা ব্যবহারের বাধ্যবাধকতা থাকে। পুরো টাকা ব্যয় না হলে নেতিবাচক ধারণা তৈরি হয়। বিদেশি ঋণের টাকা হওয়ায় জরিমানা গুনতে হয়। সে কারণে আগামী বছর কম টাকা চাওয়া হয়েছে। তাঁরা জানান, বেশি টাকার প্রয়োজন হলে সংশোধিত বাজেটে চাওয়া হবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে। এ কারণে এ প্রকল্পের গতি কিছুটা কমবে। বিদেশি অর্থায়নে অন্য যেসব প্রকল্প চলমান, সেগুলোতে অর্থায়নে তেমন সমস্যা হওয়ার কথা নয়ফাওজুল কবির খান, সাবেক সচিব
তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রূপপুর প্রকল্পটি বাস্তবায়নে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। রাশিয়ার ঋণ কোন মুদ্রায় পরিশোধ করা হবে তা এখনো ঠিক হয়নি। তা ছাড়া যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যন্ত্রপাতি আমদানি ব্যাহত হচ্ছে। এসব কারণে আগামী অর্থবছরের বাজেটে কম টাকা চাওয়া হতে পারে বলে জানা গেছে।
রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বরাদ্দ কমলেও বাড়ছে মেট্রোরেল প্রকল্পে। এ বছরের মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করার ঘোষণা রয়েছে সরকারের। তাই বাজেটে মেট্রোরেলে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী অর্থবছরের এডিপিতে মেট্রোরেল প্রকল্প বরাদ্দ পাচ্ছে ৩ হাজার ৪২৫ কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ২ হাজার ৮৮২ কোটি টাকা। অর্থাৎ এ বছরের তুলনায় আসছে অর্থবছরে প্রকল্পটিতে ৫৪৩ কোটি টাকা বাড়তি দেওয়া হচ্ছে। মেট্রোরেল প্রকল্পের মোট ব্যয় ৩৩ হাজার ৪৭১ কোটি টাকা। যার মধ্যে বড় অংশ ঋণ দিচ্ছে জাপান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এরই মধ্যে জানিয়েছেন, আগামী নভেম্বরের মধ্যে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশটি চালু করা হবে। অবকাঠামোর কাজ প্রায় শেষ। এখন চলছে প্রস্তুতিপর্ব। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এখন মেট্রোরেল চলছে।
পরিকল্পনা কমিশন সূত্র বলছে, জাতীয় গুরুত্ব ও আর্থিক দিক বিবেচনায় ১০টি প্রকল্পকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে সরকার। প্রকল্পগুলো হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল রুট–৬ প্রকল্প, পদ্মা সেতু রেল–সংযোগ, পদ্মা সেতু, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার- মিয়ানমারের ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণ, কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণ, রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প, পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও এলএনজি টার্মিনাল নির্মাণ।
এর মধ্যে কোনোটির ব্যয় ১ লাখ কোটি টাকার ওপরে, কোনোটির ব্যয় ৫০ হাজার কোটি টাকা, কোনোটির ব্যয় ৩০ হাজার কোটি টাকার মধ্যে। আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এসব অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই বলে আসছে সরকারের নীতিনির্ধারকেরা। অবশ্য অগ্রাধিকারপ্রাপ্ত একটি প্রকল্প পদ্মা সেতু জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অন্যদিকে পটুয়াখালীর পায়রায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ থেকে সরে এসেছে সরকার। আর এলএনজি টার্মিনালের নির্মাণকাজ শেষ। এর বাইরে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। এডিপি বই পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
পদ্মা সেতু রেল সংযোগ
আসছে বাজেটে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে বরাদ্দ কমানো হচ্ছে। এডিপিতে প্রকল্পটি পাচ্ছে ৫ হাজার ৫০০ কোটি টাকা। চলতি অর্থবছর যা ছিল ৫ হাজার ৮০০ কোটি টাকা। ৩০০ কোটি টাকা বরাদ্দ কমছে। এ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করছে সরকার। যদিও আগামী ২০২৪ সালের মধ্যে ঢাকা-যশোর পথে রেল চলাচল চালু করা সম্ভব হবে বলে গণমাধ্যমে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ইতিমধ্যে প্রকল্পের ৭৩ শতাংশ কাজ শেষ হয়েছে। ৩৯ হাজার ২৪৬ কোটি টাকার এই প্রকল্পের ঠিকাদার চীনের চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিআরইসি)। চীন এ প্রকল্পে ঋণ দিচ্ছে।
যমুনা নদীতে রেলওয়ে সেতু নির্মাণ
যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পেও বরাদ্দ কমছে। আসছে বাজেটে এ প্রকল্পটি পাচ্ছে ৩ হাজার ৭৭৮ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ ছিল ৩ হাজার ৮৫০ কোটি টাকা। অবশ্য বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এ রেলসেতু দৃশ্যমান হতে শুরু করেছে। এ প্রকল্পের মোট ব্যয় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। জাইকা এ প্রকল্পে ঋণ দিচ্ছে।
দোহাজারী ঘুমধুম রেললাইন প্রকল্প
চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমারের সীমান্ত ঘুমধুম পর্যন্ত রেললাইন প্রকল্পেও বরাদ্দ কমছে। আসছে বাজেটে এ প্রকল্প বরাদ্দ পাচ্ছে ১ হাজার ৪০০ কোটি টাকা। চলতি অর্থবছর এ প্রকল্পে বরাদ্দ ছিল ১ হাজার ৪৫০ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার সৈকত পর্যন্ত ১০০ দশমিক ৮৩ কিলোমিটার রেললাইন এবং রামু থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম (মিয়ানমার সীমান্ত) পর্যন্ত আরও ২৮ দশমিক ৭৫ কিলোমিটার রেলপথ নির্মাণের কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ১৮ হাজার ৩৪ কোটি টাকা। এ প্রকল্পে এডিবি ও চীন ঋণ দিচ্ছে।
মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র
প্রাপ্ত নথি বলছে, আসছে বাজেটে কক্সবাজারের মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বরাদ্দ বাড়ছে ২ হাজার ৪৪৪ কোটি টাকা। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পাচ্ছে ৯ হাজার ২৫৯ কোটি টাকা। চলতি অর্থবছর দেওয়া হয়েছিল ৬ হাজার ৮১৫ কোটি টাকা। এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয় ৫১ হাজার ৮৫৪ কোটি টাকা। জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) এ প্রকল্পে ঋণ দিচ্ছে।
কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণ
এ বছরের মধ্যে কর্ণফুলী নদীর নিচে নির্মিত টানেল যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। সে জন্য আসছে বাজেটে প্রকল্পটি পাচ্ছে ৭৩৫ কোটি টাকা। অবশ্য চলতি অর্থবছর বরাদ্দ ছিল প্রায় দুই হাজার কোটি টাকা। চীন সরকার এ প্রকল্পে ঋণ দিচ্ছে। এ প্রকল্পের মোট ব্যয় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা।
এ ছাড়া আসছে বাজেটে ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে ৫ হাজার ৮৭০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে। চলতি অর্থবছরে যা ছিল ৩ হাজার ৩০০ কোটি টাকা।
জানতে চাইলে সাবেক সচিব ফাওজুল কবির খান প্রথম আলোকে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে। এ কারণে এ প্রকল্পের গতি কিছুটা কমবে। বিদেশি অর্থায়নে অন্য যেসব প্রকল্প চলমান, সেগুলোতে অর্থায়নে তেমন সমস্যা হওয়ার কথা নয়। তিনি বলেন, দেশে রাজস্ব আদায়ের গতি কম। অর্থনৈতিক কর্মকাণ্ডও গতি নেই। তাই সরকারের নিজস্ব অর্থায়নের প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া কঠিন হবে। তবে সরকারের এখন গ্রামে দিকে টাকা বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন তিনি।