তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শনিবার সন্ধ্যায় দলের চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম।
তারেক রহমানকে অভিনন্দন ফ্রান্সের
সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ফ্রান্স। একই সঙ্গে নির্বাচন সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নকে স্বাগত জানিয়ে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার প্রস্তুতি ব্যক্ত করেছে।
গতকাল শনিবার ঢাকায় ফ্রান্স দূতাবাস থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সফলভাবে, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। বার্তায় আরও বলা হয়, আমরা ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং তাদের সব স্বেচ্ছাসেবককে আন্তরিক ধন্যবাদ জানাই। নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার কথা দূতাবাস থেকে জানানো হয়।
তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি।
এক শুভেচ্ছা বার্তায় কাতারের প্রধানমন্ত্রী সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানান।
তারেক রহমানকে অভিনন্দন বিমসটেক মহাসচিবের
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো–অপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পান্ডে। গতকাল এক অভিনন্দন বার্তায় তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা ও বিএনপির নিশ্চিত বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানের প্রশংসা করেন তিনি।
বাংলাদেশ বিমসটেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং আয়োজক দেশ। এটি সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা জোরদার করে থাকে।