‘উদ্দীপ্ত তারকার গল্প’ কুইজ বিজয়ীদের পুরস্কার হস্তান্তর
কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২-এ মাতোয়ারা ছিল সারা বিশ্ব। বাংলাদেশের ফুটবল-ভক্তরাও মেতেছিলেন উৎসবে। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে মাসব্যাপী নানান আয়োজন করে প্রথম আলো ডটকম। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস উদ্দীপ্ত তারকার গল্প’। এবারের বিশ্বকাপ ফাইনালে খেলা দুই দলের কোচসহ বর্তমানের সেরা ১০ জন ফুটবল খেলোয়াড়ের জীবনের জানা-অজানা চমকপ্রদ তথ্য নিয়ে নির্মাণ করা হয়েছিল ১২ পর্বের ভিডিও। যেগুলো প্রকাশ হয়েছিল ‘উদ্দীপ্ত তারকার গল্প’ শিরোনামের মাইক্রোসাইট, প্রথম আলো ডটকম, প্রথম আলোর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং শাহ্ সিমেন্টের ফেসবুক পেজে।
প্রতিটি পর্বের ওপর ছিল একটি করে কুইজ। সংশ্লিষ্ট ভিডিও দেখে নির্ধারিত সময়ের মধ্যে কুইজের উত্তর দিয়েছিলেন অংশগ্রহণকারীরা। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ১২ জনকে পর্ব বিজয়ী এবং একজনকে মেগা বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করেন।
গতকাল রাজধানীর একটি হোটেলে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহ্ সিমেন্টের পক্ষ থেকে পর্ব বিজয়ী ১২ জনের প্রত্যেকে পুরস্কার হিসেবে পান একটি করে অ্যান্ড্রয়েড মুঠোফোন এবং মেগা পুরস্কার বিজয়ী জিতে নেন একটি আইফোন ১৪।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য, শাহ্ সিমেন্টের ফিন্যান্স বিভাগের উপমহাব্যবস্থাপক কাজী আসিফ ইকবাল, বিপণন বিভাগের প্রধান শাহীনুর আলম শাহীন, আবুল খায়ের গ্রুপ ডিজিটালের হেড অব করপোরেট কমিউনিকেশন রাজীব হাসান, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে আনিসুল হক বলেন, প্রথম আলো সব সময় চেষ্টা করে ব্যতিক্রমী আয়োজন উপহার দিতে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ‘‘উদ্দীপ্ত তারকার গল্প’’ ছিল সে রকমই একটি উদ্যোগ। এই আয়োজন যে পাঠক-দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, হাজার হাজার অংশগ্রহণকারীই তার প্রমাণ।
চমৎকার এই আয়োজনের জন্য প্রথম আলো ও শাহ্ সিমেন্টকে ধন্যবাদ জানান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য। তিনি বলেন, কাতার বিশ্বকাপ ঘিরে প্রথম আলোর প্রায় সব আয়োজনই ছিল ভিন্নধর্মী ও সফল। বিশেষ করে ‘উদ্দীপ্ত তারকার গল্প’-এর কুইজে যাঁরা অংশ নিয়েছেন, সবাই মেধাবী। কারণ, নানা দেশের ফুটবলারদের সম্পর্কে জানা না থাকলে এসব আয়োজনে অংশ নেওয়া বা পুরস্কার পাওয়া সম্ভব নয়। বিজয়ীদের অভিনন্দন।
শাহ্ সিমেন্টের ফিন্যান্স বিভাগের উপমহাব্যবস্থাপক কাজী আসিফ ইকবাল বলেন, ‘প্রথম আলো বাংলাদেশের ১ নম্বর দৈনিক পত্রিকা। আর বাংলাদেশের ১ নম্বর সিমেন্ট-ব্র্যান্ড শাহ্ সিমেন্ট। ফলে “উদ্দীপ্ত তারকার গল্প” আয়োজনটিও হয়েছে ১ নম্বর। ভবিষ্যতেও আমরা প্রথম আলোর সঙ্গে এ রকম বৈচিত্র্যপূর্ণ ও সফল আয়োজন করার আশা রাখি।’
মেগা পুরস্কার আইফোন ১৪ পেয়ে উচ্ছ্বসিত সিলেটের সৈয়দ হাবিবুর রহমান। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘প্রথম আলো থেকে যেদিন ফোন করে খবরটি আমাকে জানানো হলো, আনন্দে ভাষা হারিয়ে ফেলেছিলাম। প্রথমেই খবরটা আমি আমার মাকে জানাই। প্রথম আলোকে ধন্যবাদ, এমন সুন্দর একটি আয়োজনের জন্য।’
উল্লেখ্য, ‘ফিফা বিশ্বকাপ ২০২২’-এ মাসব্যাপী অনুষ্ঠেয় শাহ্ সিমেন্ট প্রেজেন্টস ‘উদ্দীপ্ত তারকার গল্প’-এর ১২টি পর্ব নির্মিত হয়েছে খ্যাতনামা ১০ ফুটবলার লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুনিয়র, হ্যারি কেইন, ক্রিস্টিয়ানো রোনালদো, স্ক্রিস্টিয়ান এরিকসেন, লুকা মদরিচ, রবার্ট লেভানডফস্কি, সন হিউং-মিন, পাবলো মার্তিন পায়েজ গাভি এবং এবারের বিশ্বকাপ ফাইনালে খেলা দুই দলের কোচ আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও ফ্রান্সের দিদিয়ের দেশমকে নিয়ে।
১২ পর্ব মিলিয়ে সারা দেশের প্রায় ৪৩ হাজার প্রতিযোগী কুইজে অংশ নেন। পর্বগুলোর গ্রন্থনা ও উপস্থাপনা করেন শরীফুল হক।