‘৩৩ বছর কাটল, জলাবদ্ধতার সমস্যা গেল না’
একসময় চাক্তাই খালকে চট্টগ্রাম নগরের ‘দুঃখ’ বলা হতো। মানুষের মুখে মুখে থাকা এই কথা এখন আর আগের মতো ততটা শোনা যায় না। তবে চাক্তাই খালের পারের বাসিন্দাদের দুঃখ-দুর্দশা যে দূর হয়ে গেছে, ব্যাপারটা তা নয়। বরং আগের তুলনায় দুর্ভোগ আরও বেড়েছে।
এখন একপশলা ভারী বৃষ্টি বা অস্বাভাবিক জোয়ার হলেই চাক্তাই খালের আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এতে দুর্ভোগ নেমে আসে চাক্তাই খালের আশপাশের এলাকার বাসিন্দাদের।
চট্টগ্রাম নগরের চকবাজারের মুহাম্মদ আলী শাহ লেনে আবদুল হামিদের (৫৮) বাড়ি। চাক্তাই খালের পাশেই বাড়িটির অবস্থান। বাড়িটি দোতলা। তবে বাড়ির ওপরের তলা টিনের। বাড়ির নিচতলায় তিনটি কক্ষ। এখানে ৮৩ বছর বয়সী বাবা আবদুস সবুর, ৭৬ বছর বয়সী মা মোমেনা খাতুন এবং স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকেন হামিদ। ওপরের তলায় পরিবার নিয়ে থাকেন হামিদের ছোট ভাই মোহাম্মদ হোসেন।
ভারী বৃষ্টি ও জোয়ারে গত শুক্রবার চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা দেখা দেয়। সেদিন হামিদের বাড়ির নিচতলা ডুবে যায়। এদিন সন্ধ্যার দিকে পানি নেমেও যায়। তবে শনিবার সকাল থেকে পরের টানা তিন দিন পানি জমেছিল ঘরে।
গত সোমবার বিকেলে হামিদের ঘর থেকে পানি পুরোপুরি নামে। তবে নগরের অনেক এলাকায় এদিন রাত পর্যন্ত পানি জমেছিল।
হামিদ চট্টগ্রাম নগরের একটি কাজি অফিসে কাজির সহকারী হিসেবে কাজ করেন। সোমবার বিকেলে তিনি তাঁর ঘরের ভেতরে জমে থাকা পানি পরিষ্কার করছিলেন। এই কাজ করতে করতে তিনি প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম শহর অনেক পাল্টে গেছে। শহরে জাঁকজমক ভাব এসেছে। বড় বড় উড়ালসড়ক হয়েছে। রাস্তাঘাটেরও অনেক বদল এসেছে। কিন্তু শহরের আসল যে সমস্যা, সেই জলাবদ্ধতার কোনো সমাধান আসেনি। তাঁরা তিন প্রজন্ম ধরে জলাবদ্ধতার কষ্ট ভোগ করছেন।
হামিদ বলেন, ১৯৯০ সালে তাঁদের এই বাড়িতে পানি ওঠা শুরু করে। মূলত সে বছর থেকেই তাঁদের জলাবদ্ধতার ভোগান্তি শুরু হয়। তারপর প্রতিবছরই পানি উঠতে দেখে আসছেন তিনি। কখনো বেশি, কখনো কম। কিন্তু পানি ওঠেনি, এমন কোনো বছরের কথা তাঁর মনে পড়ে না।
নিজের তরুণ বয়সকালের দুর্ভোগের অভিজ্ঞতা জানিয়ে হামিদ বলেন, তখন বৃষ্টি হলেই তাঁদের আতঙ্ক বেড়ে যেত। এই বুঝি তখনকার বেড়ার ঘরে পানি উঠল, এই চিন্তায় থাকতেন তাঁর মা-বাবাসহ পরিবারের সবাই। একবার ঘরে পানি ওঠা মানে সব জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়া। পানিতে ঘরের খাট, চেয়ার, টেবিল, আলমারি, কাঁথা, বালিশ নষ্ট হয়ে যেত। পানি ঢোকার পর তা পরিষ্কার করতে তাঁদের অনেক কষ্ট হতো।
ঘরের সবাই মিলে পানি সেচে লেগে যেতেন তাঁরা। পানি সেচের পর ঘরের মেঝেজুড়ে কাদা দেখা যেত।
এই কাদাও পরিষ্কার করতে হতো। এই কাজ করতে তাঁর মা ও তিন বোনের সবচেয়ে বেশি কষ্ট হতো।
হামিদের বোনদের বিয়ে হয়ে গেছে। মা-বাবা দুজনেরই বয়স হয়ে গেছে। বাবা অসুস্থ। এখন ঘরে পানি উঠলে মা-বাবাকে ওপরের তলায় নিয়ে যাওয়া হয় বলে জানান হামিদ। তিনি বলেন, এখন ঘরে পানি উঠলে দুই মেয়েকে নিয়ে তিনি ও তাঁর স্ত্রী তা পরিষ্কার করেন। পানি পরিষ্কারের পর দিনের পর দিন ঘর স্যাঁতসেঁতে হয়ে থাকে। একটা অস্বস্তির মধ্যে তাঁদের থাকতে হয়। এভাবে থাকতে তাঁদের খুব অসহায় লাগে। নিজেদের বাড়ি ছেড়ে তো আর অন্য কোথাও যাওয়া যায় না। তা ছাড়া অন্যত্র যাওয়ার সামর্থ্যও নেই তাঁর।
হামিদ বলেন, পানি ঢোকার দুর্ভোগ থেকে রেহাই পেতে ২০০৪-০৫ সালের দিকে তাঁরা তাঁদের ঘর কিছুটা উঁচু করেন। কিন্তু ঘর উঁচু করেও তেমন একটা লাভ হয়নি। এখনো ঘরে পানি ঢোকে। ৩৩ বছরেও জলাবদ্ধতার সমস্যা গেল না।
জলাবদ্ধতার সমস্যা দূর না হওয়ার জন্য শহরের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে দায়ী করেন হামিদ।
তিনি বলেন, শহরের উন্নয়নে সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) রয়েছে। জলাবদ্ধতা দূর করার জন্য সরকার তাদের হাজার হাজার কোটি টাকা দিয়ে আসছে। এই টাকা দিয়ে তারা আসলে কী করেছে? এত বছর পরও কেন এই সমস্যা দূর হলো না? পরিকল্পিতভাবে, আন্তরিকতা নিয়ে সংস্থাগুলো কাজ করলে এই সমস্যা এত দিন থাকার কথা নয়। মানুষকে এভাবে বছরের পর বছর ধরে কষ্ট দেওয়ায় কোনো মানে হয় না। এ জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা উচিত।