অধ্যাপক ইউনূসকে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মোদির

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদিফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঈদুল ফিতর উপলক্ষে পাঠানো শুভেচ্ছাবার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হওয়ার আশা প্রকাশ করেছেন। আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা পাঠানোর এই তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাঠানো শুভেচ্ছাবার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘পবিত্র রমজান মাসের শেষে আনন্দময় উৎসব উদ্‌যাপনের এই সময়ে আমি আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ঈদুল ফিতরের উষ্ণ শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। পবিত্র রমজানে ২০ কোটি ভারতীয় মুসলিম বিশ্বজুড়ে তাঁদের ভাইবোনদের সঙ্গে রোজা রেখেছেন ও দোয়া করেছেন।’

ঈদুল ফিতর আনন্দময় উদ্‌যাপন, তার প্রতিফলন, কৃতজ্ঞতা ও ঐক্যবদ্ধ হওয়ার একটি সময় উল্লেখ করে নরেন্দ্র মোদি শুভেচ্ছাবার্তায় বলেছেন, ‘এটি আমাদের সহমর্মিতা, উদারতা ও সংহতির মূল্যবোধের কথা মনে করিয়ে দেয় যা আমাদের জাতি হিসেবে এবং বিশ্ব সম্প্রদায়ের অংশ হিসেবে এক জায়গায় নিয়ে আসে। এই শুভক্ষণে আমরা সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করছি। আমাদের দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক।’