শিমুল বিশ্বাস, ইশরাক, আশফাকসহ বিএনপির ৬২ নেতা–কর্মীর আগাম জামিন

হাইকোর্টফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির গত বছর ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতা নিয়ে ঢাকার বিভিন্ন থানায় করা পৃথক মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপির নেতা ইশরাক হোসেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ দলটির ৬২ জন নেতা–কর্মী ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

আগাম জামিন চেয়ে তাঁদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। ছয় সপ্তাহের মধ্যে তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আদালতে ইশরাকের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান। আশফাকসহ বিএনপির ৬০ নেতা–কর্মীর পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী কামরুল ইসলাম। শিমুল বিশ্বাসের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে রাজধানীর পল্টন থানায় করা চারটি মামলায় শিমুল বিশ্বাস ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সগীর হোসেন লিওন।

ওই মহাসমাবেশ ঘিরে তিনটি থানায় করা পৃথক ছয়টি মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ দলটির ৬০ জন নেতা-কর্মী ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বলে জানান তাঁদের আইনজীবী গাজী কামরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘এর মধ্যে তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। ঢাকা জেলার দোহার থানায় করা তিনটি, নবাবগঞ্জ থানায় একটি এবং রাজধানীর গুলশান থানায় করা দুটি মামলায় তাঁরা জামিন পেয়েছেন।’

বিএনপির ওই মহাসমাবেশ ঘিরে ঢাকার চারটি থানায় করা পৃথক ১২টি মামলায় ইশরাক হোসেন ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বলে জানান তাঁর আইনজীবী এ কে এম এহসানুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এর মধ্যে ইশরাককে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। পল্টন থানায় করা ছয়টি, রমনা থানার তিনটি, মতিঝিল থানার দুটি ও ওয়ারী থানায় করা একটি—এই ১২টি মামলায় তিনি জামিন পেয়েছেন।’