বিজয় দিবসের প্রথম প্রহরে আতশবাজির আলোয় উদ্ভাসিত টিএসসি
১৬ ডিসেম্বর, ১৯৭১। বিশ্ব মানচিত্রে ঘটল রূপবদল। ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন হলো বাংলাদেশ। ঘড়ির কাঁটা বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবারে যেতেই বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ ফিরে এলো বাঙালির জীবনে। মহান বিজয় দিবসের প্রথম প্রহরটিকে আতশবাজি ফুটিয়ে উদ্যাপন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে আতশবাজি ফোটানোসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উদ্যাপনে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ এসেছেন বিশ্ববিদ্যালয় চত্বরে। বিজয় উদ্যাপনকে বর্ণিল করতে ক্যাম্পাসের কলা ভবন, কার্জন হল, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও স্মৃতি চিরন্তনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রতিবছরের মতো এবারও রাত ১১টা ৫৯ মিনিটে টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে আতশবাজি ফুটিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে টিএসসিকেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন স্লোগান-৭১৷ এর আগে রাত ১১টা ৫০ মিনিটে টিএসসি প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থীদের বিজয় শপথ পাঠ করানো হয়৷
টিএসসিকেন্দ্রিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বিজয় উৎসব ‘রক্তে রাঙা বিজয় আমার-২০২২’। গত বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধাঞ্জলি প্রদান ও শোক সমাবেশের মধ্য দিয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী এই উৎসব শেষ হবে শুক্রবার। আয়োজনে শুক্রবার বিকেল থেকে টিএসসির পায়রা চত্বরে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসবের অংশ হিসেবেই বিজয়ের প্রথম প্রহরে স্লোগান-৭১–এর আয়োজনে ফোটানো হয় আতশবাজি। টিএসসির সামনে ওড়ানো হয় ফানুস।
বিজয় উদ্যাপনে যোগ দিতে পুরান ঢাকা থেকে টিএসসিতে এসেছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তামান্না নওরীন। তিনি বলেন, টিএসসির আয়োজন অন্য যেকোনো জায়গার চেয়ে আলাদা। এখানে বিজয়ের প্রথম প্রহর উদ্যাপনে একটা অন্য রকম আবহ থাকে। এই আবহ বিজয়ের আনন্দে আলাদা একটা মাত্রা যোগ করে।
বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে আছে বিজয় দিবসের ভোর ৫টা ৪৫ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, ভোর ৫টা ৫০ মিনিটে উপাচার্য ভবনসংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জমায়েত এবং সকাল ৬টায় উপাচার্য মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা৷ সকাল ১০টা থেকে টিএসসিতে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছায়ানটের যৌথ উদ্যোগে বিকেলে অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান। বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে হবে এই অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাসংগ্রাম-সম্পর্কিত প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শিত হবে। হল প্রশাসনের ব্যবস্থাপনায় হলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হবে। এ ছাড়া বিজয় দিবসে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল, মসজিদ ও উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হবে।