পবিত্র রমজানে খাদ্যাভ্যাসের গুরুত্ব সম্পর্কে জানালেন বিশেষজ্ঞরা

সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে পবিত্র রমজানে ইবাদত ও সুস্বাস্থ্য—দুটিই বজায় রাখা সম্ভব বলে মত দেন বিশেষজ্ঞরাছবি: বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সৌজন্যে

পবিত্র রমজান মাসে খাদ্যাভ্যাসে অনেকেই অনিয়ম করে ফেলেন। ফলে গ্যাস্ট্রিক, আলসারসহ নানা হজমজনিত সমস্যায় ভোগান্তি বাড়ে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবং বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে বিশেষ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি।

সম্প্রতি রাজধানীর মহাখালীতে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে অনুষ্ঠিত হয় ‘পবিত্র রমজানে বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস’ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা সভা। এতে দেশের শীর্ষস্থানীয় লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি এ কিউ এম মোহসেন এবং পরিচালনা করেন মহাসচিব দেওয়ান সাইফুদ্দিন আহমেদ।

বিশেষজ্ঞরা বলেন, রমজান মাসে ইফতারে অস্বাস্থ্যকর ভাজাপোড়া ও অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়ার প্রবণতাই গ্যাস্ট্রিক আলসার ও হজমের জটিলতার প্রধান কারণ। এ অভ্যাস পরিবর্তন করে আঁশযুক্ত খাবার গ্রহণ, সেদ্ধ সবজিযুক্ত ছোলা খাওয়া এবং পরিমিত ক্যালরি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। এর পাশাপাশি প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পানি পান করার পরামর্শও দেন।

খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করে স্যুপ গ্রহণ এবং অন্তত আধঘণ্টা পর রাতের খাবার খাওয়া অধিক স্বাস্থ্যসম্মত বলে মত দেন বিশেষজ্ঞরা। এতে হঠাৎ অতিরিক্ত খাবার গ্রহণের চাপ কমে এবং পরিপাকতন্ত্র স্বস্তিতে থাকে।

সাহ্‌রিতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট চর্বিবিহীন আমিষ ও সবজি গ্রহণের ওপর জোর দেওয়া হয়। পানিশূন্যতা এড়াতে মূত্রবর্ধক চা ও কফি কম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে রমজানে ইবাদত ও সুস্বাস্থ্য—দুটিই বজায় রাখা সম্ভব বলে মত দেন অংশগ্রহণকারীরা।