ফেব্রুয়ারি মাসে ১৫টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার: এমএসএফ
ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতনামা ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংগঠনটি প্রতি মাসে মানবাধিকার পরিস্থিতির প্রতিবেদন দেয়। আজ মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদনে অজ্ঞাতনামা লাশের এ তথ্য দিয়েছে এমএসএফ। তারা বলেছে, এ পরিস্থিতি উদ্বেগ ও আতঙ্কের।
এমএসএফ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে তাদের এই মানবাধিকার প্রতিবেদন তৈরি করে। তারা এসব ঘটনা আবার যাচাই করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে ৩ জন নারী, ১২ জন পুরুষসহ অজ্ঞাতনামা মোট ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত ও নাগরিক জীবনে নিরাপত্তাহীনতার বড় কারণ। জানুয়ারি মাসে এই সংখ্যা ছিল ৩১, যার মধ্যে ৮ জন নারী ও ২৩ জন পুরুষ।
এমএসএফের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা জরুরি। কাজেই সরকারকেই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সম্পূর্ণ নির্বিকার। এসব অজ্ঞাতনামা লাশের বেশির ভাগ নদী বা ডোবায় ভাসমান; মহাসড়কের পাশে, রেললাইনের পাশে, বিল বা ফসলি খেতে রশি দিয়ে হাত–পা বাধা বা বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে।
এমএসএফ মনে করে, শুধু অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে বলে জানিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যত ক্ষমতাবানই হোক, তাঁদের শাস্তি নিশ্চিত করা জরুরি।
ফেব্রুয়ারি মাসের সার্বিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে এমএসএফ বলেছে, দেশে মানবাধিকার পরিস্থিতি ছিল আগের মতোই উদ্বেগজনক। দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বন্দুকযুদ্ধ, তাদের পরিচয়ে অপহরণ ও অপহরণের চেষ্টা, গ্রেপ্তার এড়াতে পুলিশের ধাওয়া খেয়ে মৃত্যু, নির্যাতন, অপতৎপরতার অভিযোগের মতো ঘটনা ঘটেই চলেছে। ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা কিছুটা নিম্নগামী হলেও তা এখনো উদ্বেগজনক। ডিজিটাল নিরাপত্তা আইন অপব্যবহার করে সাধারণ নাগরিকদের বস্তুনিষ্ঠ ও স্বাধীন চিন্তা, অনুসন্ধানী সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও নির্যাতন করার মতো ঘটনা বন্ধ হয়নি। রাজনৈতিক সহিংসতায় হতাহতের ঘটনা বেড়েছে। অধিকন্তু সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অব্যাহত রয়েছে। নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা বিধানের বদলে রাষ্ট্রের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এটা উদ্বেগজনক।
ফেব্রুয়ারি মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ছয়জনকে তুলে নিয়ে যাওয়া ও অপর একটি ঘটনায় দুজনকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে বলে এমএসএফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ মাসে ৪২টি রাজনৈতিক মামলার মধ্যে বিএনপির বিরুদ্ধে ৩৩টি, জামায়েত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে ৮টি ও গণ অধিকার পরিষদের বিরুদ্ধে ১টি মামলা করা হয়েছে। মোট ৫৯৪ জন রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এমএসএফ। তারা বলেছে, বিরোধী দল বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বল প্রয়োগ, বাধাদান; শান্তিপূর্ণ সভা, মিছিল ও র্যালিতে হামলার আটটি ঘটনা ঘটেছে। ঘটনাগুলোয় ১২৩ জন আহত হয়েছেন।