গাড়ি বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আবুল বাসার দুই দিনের রিমান্ডে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতফাইল ছবি: প্রথম আলো

গাড়ি বিক্রির নামে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় মির্জা আবুল বাসারকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুজ্জোহা সুমন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফীন ইসলাম আজ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল শনিবার রাজধানীর গুলশান-১ এলাকা থেকে আবুল বাসারকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী মো. আজিজুল ইসলাম গাড়ির গ্যারেজ ও পুরোনো গাড়ি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে আবুল বাসার তাঁর কাছে একটি পুরোনো গাড়ি বিক্রির প্রস্তাব দেন। ২০২৫ সালের ৬ জুন গাড়িটির অগ্রিম মূল্য হিসেবে আজিজুল ইসলামের কাছ থেকে এক কোটি টাকা নেন বাসার। ওই সময় টাকা লেনদেনের ভিডিও চিত্রও সংরক্ষণ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, টাকা নেওয়ার পরও প্রতিশ্রুতি অনুযায়ী গাড়িটি বুঝিয়ে দেননি আবুল বাসার। পরে একাধিকবার তাগাদা দেওয়া হলেও তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং এক পর্যায়ে গাড়ি দিতে পারবেন না বলে জানিয়ে দেন। এরপর আজিজুল ইসলাম টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী সময়ে গত ৬ নভেম্বর একটি স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে এক মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আবুল বাসার। তবে নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিয়ে উল্টো তিনি অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি দেন।

আরও পড়ুন

এ ঘটনায় গত বছরের ১৫ ডিসেম্বর আদালতে মামলার আবেদন করেন আজিজুল ইসলাম। শুনানি শেষে আদালত গুলশান থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিলে ২৩ ডিসেম্বর মামলাটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়।